২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় টিভি মামলায় মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন

বিজয় টিভির নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থ আত্মসাতের মামলায় মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ এস এম সোলায়মানের আদালতে আসামিদের উপস্থিতিতে এ মামলার অভিযোগ গঠন হয়। বিচারক আগামী ১৫ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর দিন নির্ধারণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 08:05 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় টিভির নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থ আত্মসাতের মামলায় মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ এস এম সোলায়মানের আদালতে আসামিদের উপস্থিতিতে এ মামলার অভিযোগ গঠন হয়। বিচারক আগামী ১৫ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর দিন নির্ধারণ করেছেন। মেয়র ছাড়া অভিযুক্ত অপর দুই জন হলেন, সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন ও প্রধান প্রকৌশলী মোকতার আলম। রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় ৩০ জনকে সাক্ষী করা হয়েছে। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে ক্ষমতা বহির্ভূতভাবে এবং নিয়মনীতি লঙ্ঘন করে সিটি কর্পোরেশনের অর্থ ব্যয়ের করার অভিযোগ আনা হয়েছে। অ্যাডভোকেট জহিরুল হক জানান, আসামিদের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের তহবিল হতে ১ কোটি ৭৮ লাখ ২ হাজার টাকা আইন বহির্ভূতভাবে তুলে ১ কোটি ৬৯ লাখ ৬৭ হাজার ৯৬০ টাকা অপচয়ের অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্র দাখিলের দিন পর্যন্ত তারা মাত্র ৮ লাখ ৬৪ হাজার ৪০ টাকা ফেরত দেন। এদিকে আসামি পক্ষের আইনজীবী ইব্রাহীম হোসেন বাবুল দাবি করেন, কর্পোরেশনের তহবিল থেকে তোলা টাকার ১ কোটি ৪০ লাখ ৬৮ হাজার টাকা ইতোমধ্যে ফেরত দেওয়া হয়েছে। বাকি টাকাও শিগগির ফেরত দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী জহুরুল হক জানান, অভিযোগপত্র দাখিলের দিন পর্যন্ত যে টাকা ফেরত দেওয়া হয়েছে আইন অনুযায়ী আদালত সেটিই বিবেচনা করেছেন। অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বলেন, কোনও প্রকল্পের জন্য কর্পোরেশনের টাকা তোলা এবং তা ফেরত দেওয়ার এখতিয়ার মেয়রের রয়েছে। তাই মেয়রসহ আসামিরা কোনও অন্যায় কিংবা অপরাধমূলক কাজ করেননি। আদালত মেয়র মহিউদ্দিন চৌধুরী নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার পাওয়ার আবেদন করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক), চট্টগ্রামের উপ-পরিচালক আবু মোহাম্মদ আরেফ সিদ্দিকী বাদি হয়ে গত বছরের ২৭ মে কোতোয়ালি থানায় সিটি কর্পোরেশনের তহবিল থেকে পরস্পরের যোগসাজশে টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ গত ২১ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৩৫৫ ঘ.