২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম ভুঁইয়া চার দিনের রিমান্ডে

ঢাকা ক্লাবের সদ্যবিদায়ী সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সদস্য সেলিম ভুঁইয়াকে শুক্রবার চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে সেলিমকে দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম সাহিদুর রহমান ওই মামলায় সেলিম ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিন রিমান্ডের আবেদন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 11:46 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা ক্লাবের সদ্যবিদায়ী সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সদস্য সেলিম ভুঁইয়াকে শুক্রবার চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে সেলিমকে দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম সাহিদুর রহমান ওই মামলায় সেলিম ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিন রিমান্ডের আবেদন জানান। সাহিদুর রহমান আদালতকে বলেন, নাইকো মামলার সঙ্গে জড়িত থাকার কথা আসামি স্বীকার করেছেন। এ সংক্রান্ত আরও তথ্য জানতে তাকে সাত দিন রিমান্ডে নেওয়ার প্রয়োজন। আদালতে আসামি পক্ষের আইনজীবী মুহাম্মদ শহীদুল্লাহ ও ফজিলাতুন নেসা বাপ্পী বলেন, সেলিম ভুঁইয়া নাইকো মামলার সঙ্গে জড়িত নন। মামলায় এজাহারেও তার নাম নেই। তাদের মক্কেল হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত বলে আদালতকে জানান তারা। শুনানি শেষে মহানগর হাকিম মুহাম্মদ শাহিন উদ্দিন চার দিন রিমান্ড মঞ্জুর করেন এবং সেলিম ভুঁইয়াকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন। সেইসঙ্গে তার সুচিকিৎসার ব্যবস্থা নিতেও বলা হয়। নাইকো দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় জিজ্ঞাসাবাদের কথা বলে গত ৮ জানুয়ারি গুলশানে সেলিম ভুঁইয়ার ব্যবসায়িক কার্যালয় থেকে তাকে তুলে নিয়ে যায় দুর্নীতি দমন সংক্রান্ত টাস্কফোর্স। খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে দায়ের করা নাইকো মামলায় গুলশান থানা পুলিশ গত ১০ জানুয়ারি সেলিম ভুঁইয়াকে গ্রেপ্তার দেখায়। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সাহিদুর রহমান বৃহস্পতিবার গুলশান থানায় দায়ের করা একটি সাধারণ ডায়রিতে (জিডি) জানিয়েছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে এর সঙ্গে সেলিম ভুঁইয়ার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার অভিযোগে গত ৯ ডিসেম্বর খালেদা জিয়া ও শেখ হাসিনার বিরুদ্ধে তেজগাঁ থানায় দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাটির নম্বর ১৯। আর খালেদা জিয়ার মামলাটির নম্বর ২০। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটির বাদি দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম। এ মামলার অপর আসামিরা হলেন, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব খোন্দকার শহীদুল ইসলাম এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআরএফ/এসএম/এমআই/জেকে/১৭১০ ঘ.