ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির মামলায় গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার বিকেল ৫টায় ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক এ আদেশ দেন।
এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গত ৬ জানুয়ারিতে দায়ের করা পৃথক দুই মামলার আসামি গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার এবং গ্লোব কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আতিক উল্লাহ খান মাসুদের স্ত্রী, দুই ছেলে, ওই দুই প্রতিষ্ঠানের দুই নিরীক্ষকের স্থাবর-অস্থাবর সম্পত্তিও ক্রোকের নির্দেশ দিয়েছেন একই বিচারক।
গত ৬ জানুয়ারি একই বিচারক অভিযুক্ত সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অভিযুক্তদেরকে তাদের ঠিকানায় গিয়ে গ্রেপ্তার করতে 'ব্যর্থ হওয়ায়' বুধবার আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করা হয়।
প্রতিবেদনে কাফরুল থানার উপ পরিদর্শক আবুদল হাকিম জানান, ৭৪ নম্বর ক্যান্টনমেন্ট বাজার রোডের বাসায় গিয়ে আতিক উল্লাহ খান মাসুদের স্ত্রী শামীমা এ খান, তাদের দুই ছেলে মিশাল আতিক উল্লাহ খান ও জিশাল আতিক উল্লাহ খানকে পাওয়া যায়নি। তারা 'গা -ঢাকা' দিয়েছে।
এছাড়া মতিঝিল থানার উপ পরিদর্শক জিল্লুর রহমান তার প্রতিবেদনে উল্লেখ করেন গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার ও গ্লোব কনস্ট্রাকশনের নিরীক্ষক আতাউদ্দিন খানকে তার ৬৭, মতিঝিল বাণিজ্যিক এলাকার অফিসে পাওয়া যায়নি। অপর নিরীক্ষক চার্টার্ড অ্যাকাউনটেন্ট আবদুল খালেককে তার পল্টনের কার্যালয়ে পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেন পল্টন থানার উপ পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন।
আদালতে পাঠানো এ প্রতিবেদনগুলো ফেরত আসার পরই বুধবার বিকেলে বিচারক অভিযুক্তদের সবার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।
এই দুই আয়কর ফাঁকির মামলায় আসামি হিসাবে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারকে দেখানো হয়েছে বলে ফৌজদারি কার্যবিধির ৮৮ ধারা অনুযায়ী ওই প্রতিষ্ঠানেরও স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮৩০ঘ.
bdnews24