ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্ট থেকে জামিন পেয়ে সন্দেহভাজন ইয়াবা ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস নিকি মঙ্গলবার সন্ধ্যায় মুক্তি পেয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা রয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্ট গোলাম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিকি হাইকোর্টের জামিন পেয়ে সন্ধ্যা ৭টার দিকে কারাগার থেকে ছাড়া পান।"
গত ৪ নভেম্বর ঢাকার জজ আদালত প্রাঙ্গণ থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয় এবং এরপর কারাগারে পাঠানো হয়। একইদিন আদালত প্রাঙ্গণ থেকে পূর্বানী হোটেলের অন্যতম পরিচালক মাহাবুবুর রহমান জয়নালকেও গ্রেপ্তার করে র্যাব। জয়নাল এখনও কারাগারে রয়েছেন।
এর আগে ২৯ অক্টোবর মাহাবুবুর রহমান জয়নালের ধানমণ্ডির বাসা থেকে র্যাব দীর্ঘ ১৫ ঘণ্টা অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২৮ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা, বিপুল পরিমাণ সোনা ও হীরার গহনা, মদ, অস্ত্র ও যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/ডিডি/এমএইচবি/২৩০৪ ঘ.
bdnews24