ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা গ্র"পের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলকে মুক্তভাবে চলাফেরা করার ক্ষেত্রে কোনো বাধা না দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বাবুলের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের বেঞ্চ মঙ্গলবার স্বরাষ্ট্র সচিবকে এ নির্দেশ দেয়।
বাবুলের পক্ষে শুনানিতে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "নুরুল ইসলাম বাবুল সব মামলায় জামিন পেয়েছেন। গত ৫ ডিসেম্বর কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। কিন্তু অসুস্থতার কারণে বারডেম হাসপাতালে ভর্তি হওয়ার পর পুলিশ তাকে পাহারা দিয়ে রাখছে। তাকে মুক্তভাবে চলাফেরা করতে দেওয়া হচ্ছে না। স্বাধীনভাবে তার চলাফেরায় বাধা না দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেওয়া প্রয়োজন।"
অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট খান সাইফুর রহমান বলেন, "দুর্র্নীতির মামলায় হাইকোর্টের জামিন আদেশ স্থগিতের জন্য কমিশনের করা আবেদনের ওপর ১০ জানুয়ারি আপিল বিভাগে শুনানি হবে।"
ওই তারিখ পর্যন্ত এই রিট আবেদনের শুনানি মুলতবি রাখার আবেদন জানান তিনি।
আদালত খান সাইফুর রহমানকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আইনের শাসনের কথা বলেন। আবার জামিন পাওয়া আসামিকে আটকে রাখতেও বলেন।
আদালতের প্রশ্নের জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান বলেন, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, বাবুলের বিরুদ্ধে আটকাদেশ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএ/১৯৪০ঘ.
bdnews24