ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'দফা বন্যা এবং সিডরের ক্ষতি পুষিয়ে নিতে ৪৫ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষের জন্য প্রায় পাঁচ লাখ টন ইউরিয়া সারের মজুদ দিয়ে নতুন বছর শুরু করেছে সরকার। চলতি মৌসুমে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় পৌনে দুই কোটি মেট্রিক টন।
কৃষি উপদেষ্টা সি এস করিম বিডিনিউজ মঙ্গলবার টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘাটতি পূরণের জন্য উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। কৃষকদের সহায়তা দেওয়ার জন্য সরকারের যথেষ্ট প্রস্তুতিও রয়েছে।"
তিনি বলেন, "সারা দেশে ১৫ হাজারের বেশি পয়েন্টে ডিলারদের মাধ্যমে সার বিতরণ করা হবে। প্রতি ডিলার গড়ে এক হাজার কৃষকের কাছে সার বিক্রি করবে।"
চলতি অর্থবছরে ইউরিয়া সারের মাসভিত্তিক উৎপাদন, আমদানি, বিতরন ও মজুদ সংক্রান্ত একটি বিবরণী করেছে সরকার। বিবরনীতে বলা হয়েছে, ৪৫ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের জন্য জানুয়ারি মাসে প্রয়োজন হবে চার লাখ টন ইউরিয়া। ফেব্র"য়ারিতে লাগবে চার লাখ ৯৫ হাজার টন। মার্চ মাসের চাহিদা হচ্ছে দুই লাখ ৯৪ হাজার ১৩২ টন। এপ্রিলে প্রয়োজন হবে ৮৯ হাজার ৭৮৫ টন।
ইউরিয়া সারের বর্তমান মজুদ, কাফকো ও দেশীয় কারখানায় উৎপাদন এবং আমদানি করা সার দিয়ে মাসভিত্তিক চাহিদা পূরণের পরিকল্পনা নিয়েছে সরকার।
কৃষি মন্ত্রণলায় কর্মকর্তারা জানান, জানুয়ারি মাসে সরকারের হাতে ৪ লাখ ৯০ হাজার ১৯৬ টন সার মজুদ রয়েছে। এ মাসে চার লাখ টনের চাহিদা পূরণের পর সরকারের হাতে থাকবে প্রায় ৯০ হাজার। জানুয়ারি মাসে কাফকো থেকে পাওয়া যাবে ৬০ হাজার টন, স্থানীয় ইউরিয়া কারখানাগুলো থেকে পাওয়া যাবে আরও এক লাখ ৩৮ হাজার টন। এছাড়া, আমদানি করা এক লাখ ৭৬ হাজার ১৭ টন সার দেশে এসে পৌঁছাবে।
সব মিলিয়ে ফেব্র"য়ারি মাসে মজুদ দাঁড়াবে চার লাখ ৫৯ হাজার ৫৯৯ টন। এ মাসের চাহিদা হচ্ছে চার লাখ ৯৫ হাজার টন। ৩৫ হাজার চারশ টনের ঘাটতি নিয়ে মাস শুরু হলেও কাফকো ও অন্যান্য উৎস থেকে পাওয়া সার দিয়ে পুরো মাসের চাহিদা পূরণের পর বাড়তি থাকবে বলে বিবরণীতে বলা হয়েছে। ফেব্র"য়ারি মাসে কাফকো থেকে পাওয়া যাবে ৬০ হাজার টন, স্থানীয় কারখানাগুলো থেকে আসবে এক লাখ ৩০ হাজার ৩২৬ টন এবং আমদানি করা হবে ৮৫ হাজার পাঁচশ টন সার।
মার্চ মাস থেকে ইউরিয়া সারের চাহিদা ক্রমশ কমতে থাকবে। মাসটি শুরু হবে দুই লাখ ৩৫ হাজার ২৩৮ টন সারের মজুদ নিয়ে। এ মাসের চাহিদা হচ্ছে দুই লাখ ৯৪ হাজার ১৩২ টন। ৫৮ হাজার ৮৯৪ টন সারের ঘাটতি থাকছে মার্চ মাসের শুরুতে। তবে তখন অন্যান্য মাসের মতো কাফকো থেকে ১২ হাজার ৯২০ টন, আমদানি করা ২৫ হাজার টন এবং স্থানীয় কারখানাগুলো থেকে এক লাখ ৩৮ হাজার টন সার পাওয়া যাবে। যা দিয়ে ঘাটতি পূরণের পরও উদ্বৃত্ত থাকবে।
এপ্রিল মাস শুরু হবে চাহিদার চেয়ে ২৫ হাজার টন বেশি সার দিয়ে। মাসের শুরুতে মজুদ থাকবে এক লাখ ১৪ হাজার ৯২৩ টন। এর বিপরীতে চাহিদা থাকবে ৮৯ হাজার ৭৮৫ টন। এরপর কাফকো থেকে ২০ হাজার টন, আমদানি করা ২০ হাজার টন এবং স্থানীয়ভাবে এক লাখ ৩৮ হাজার টন সার পাওয়া যাবে। এগুলো পরের মওসুমের জন্য মজুদ রাখবে সরকার।
কৃষি উপদেষ্টা সি এস করিম বলেন, একজন ডিলারের সঙ্গে স্থান ভেদে দুই বা তিনজন, আবার কোথাও চারজন করে প্রতিনিধি দেওয়া হবে। তারা সবাই সার বিক্রি করবে।
তিনি জানান, এবার সাড়ে ১১ লাখ থেকে ১২ লাখ হেক্টর জমিতে হাইব্রিড ধান চাষ করা হবে। এজন্য ৪২ হাজার হেক্টর জমিতে হাইব্রিডের বীজতলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এসএনডি/এমএ/১৯১৪ঘ.
bdnews24