রংপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে মঙ্গলবার জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রথম দিন সকালে গঙ্গাচড়া সদর কেন্দ্রে বাংলা পরীক্ষার প্রশ্নপত্রের পরিবর্তে সমাজ বিজ্ঞানের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এ নিয়ে পরীক্ষার্থীদের মাঝে হৈ চৈ শুরু হলে আধাঘন্টা পর ফেরত নেয়া হয়।
এ ব্যাপারে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুখেশ চন্দ্র বিশ্বাসের সঙ্গে যোগারেযাগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলা প্রশ্নপত্রের প্যাকেটের জায়গায় ভুল করে সমাজ বিজ্ঞানের প্রশ্নপত্রের প্যাকেট এসেছিল। সেটা সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো হয়েছে।
অপরদিকে জেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকা মোর্শেদ জানান, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।
আধা ঘন্টা পর সমাজ বিজ্ঞান প্রশ্নপত্র ফেরত নিলেও এর মধ্যে বাইরে চলে গেছে কিনা এ বিষয়ে জানতে চাইলে পরীক্ষা কেন্দ্র সচিব আব্দুল মজিদ বলেন, আরও কয়েক সেট প্রশ্নপত্র আছে। প্রয়োজনে অন্য সেট দিয়ে পরীক্ষা নেয়া হবে।
জুনিয়র বৃত্তি পরীক্ষায় রংপুর সদর, কাউনিয়া, পীরগাছা, মিঠাপুকুর, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন স্কুলের ৬ হাজার ৯৮৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৮ ঘ.
bdnews24