ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকায় বিশ্বের সবচেয়ে বড় ব-দ্বীপটি ক্রমশ দক্ষিণে সরে যাচ্ছে। এর প্রভাবে এ এলাকায় ভূমিকম্প, নদী ভাঙন ও বন্যার প্রবণতাও বেড়েছে।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে শুরু হওয়া এক আন্তর্জাতিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ মহসিন। 'ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেল্টাস: ডেল্টিক গেটওয়ে-লিংকিং সোর্স টু সিঙ্ক' শীর্ষক এ সম্মেলন আগামী ১৩ জানুয়ারি শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম বলেন, বাংলাদেশের গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপের ধরন প্রাকৃতিক গ্যাস থাকার উপযোগী। দেশের পূর্বাঞ্চলে গ্যাস পাওয়া গেছে। আরও পাওয়া যেতে পারে। পশ্চিমাঞ্চলে গ্যাস পাওয়া যায়নি। পাওয়ার সম্ভাবনাও কম।
সম্মেলনে উপস্থাপিত একটি প্রবন্ধে বলা হয়, গঙ্গা-ব্রহ্মপুত্র বিশ্বের সবচেয়ে বড় ব-দ্বীপ। প্রতিবছর হিমালয় থেকে বৃষ্টির পানির সঙ্গে আসা এক বিলিয়ন টন পলি বাংলাদেশে জমা হয়। এর তিন ভাগের এক ভাগ জমা হয় এই ব-দ্বীপ এলাকায়।
সম্মেলনে ভূতাত্ত্ববিদরা জানান, বাংলাদেশের ৮০ ভাগ অঞ্চল ব-দ্বীপ। ৮০ ভাগ লোকও বাস করে এই ব-দ্বীপ এলাকায়। ভূমিকম্প, আর্সেনিক দূষণ, জলাবদ্ধতা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগগুলো ব-দ্বীপ এলাকার মাটির গুণাগুণ ও ভূতাত্ত্বিক চরিত্রের ওপরও অনেকাংশে নির্ভর করে। ব-দ্বীপ অঞ্চলে পানির প্রবাহ বেশি। ফলে পলিও জমা হয় বেশি। এ কারণে দেশের উত্তর-পূর্ব অংশ ধীরে ধীরে নিচু হয়ে আসছে।
সোমবার সম্মেলনের উদ্বোধনী দিনে ব-দ্বীপ বিষয়ক ১৯টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এ সম্মেলনে মোট ৬৮টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করার কথা।
ইন্টারন্যাশনাল জিওসায়েন্স প্রোগ্রাম গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে ব-দ্বীপ বিষয়ক এ সম্মেলনের আয়োজন করে আসছে। এবার বাংলাদেশে এর চতুর্থ সম্মেলনটি হচ্ছে। বাংলাদেশসহ ১৮টি দেশের দেড়শ'র বেশি ভূতত্ত্ববিদ এতে অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/২১১৩ ঘ.
bdnews24