২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ২৩'শ শ্রমিক বরখাস্ত করে পোশাক কারখানায় তালা

সাভারের জামগড়ায় ইউনিভার্স নিট গার্মেন্টস লিমিটেড নামে একটি কারখানার প্রায় ২৩শ' শ্রমিককে বরখাস্ত করে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার এ বিষয়টি জানিয়ে কারখানার ফটকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। ইউনিভার্স নিট গার্মেন্টস এর মহাব্যবস্থাপক (জিএম) অবসরপ্রাপ্ত মেজর হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্তৃপক্ষের নির্দেশেই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও শ্রমিকদের বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

সাভার, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের জামগড়ায় ইউনিভার্স নিট গার্মেন্টস লিমিটেড নামে একটি কারখানার প্রায় ২৩শ' শ্রমিককে বরখাস্ত করে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার এ বিষয়টি জানিয়ে কারখানার ফটকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। ইউনিভার্স নিট গার্মেন্টস এর মহাব্যবস্থাপক (জিএম) অবসরপ্রাপ্ত মেজর হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্তৃপক্ষের নির্দেশেই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও শ্রমিকদের বরখাস্ত করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ নিট ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর নিয়ম অনুসারে বরখাস্তকৃত শ্রমিকদের সব পাওনা বুঝিয়ে দেওয়া হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কারণ দেখিয়ে বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরে কর্মবিরতি পালন করে আসছিলেন কারখানার শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে মধ্যে দুই দফা বৈঠক হলেও সমঝোতা হয়নি। সোমবার সকাল ১০ টার দিকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এম ডি) মি. জাবেদের সঙ্গে শ্রমিকদের আলোচনা সাপেক্ষে বিষয়টি মীমাংসার কথা ছিল। তবে সকাল ১০ টার দিকে শ্রমিকরা কারখানায় এসে দেখেন মুল ফটকে তালা ঝুলছে এবং কারখানার সামনে পুলিশ মোতায়েন করা। শ্রমিকরা ফটকে নোটিশ ঝুলানো দেখেন। তাতে লেখা ছিল 'ফ্যাক্টরির প্রায় ২৩শ' শ্রমিককে বরখাস্ত ও অনিদিষ্ট কালের জন্য ফ্যাক্টরিটি বন্ধ ঘোষণা করা হল। আগামী ১০ জানুয়ারী সকলের পাওনাদি বুঝে নেওয়ার অনুরোধ করা হলো- কর্তৃপক্ষ'। কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ায় এবং শ্রমিক বরখাস্তের নোটিশ দেখে তারা বিক্ষোভে ফেটে পড়েন। এ সময় অনেক মহিলা শ্রমিক কান্নায় ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে শ্রমিকরা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করেন। কিন্তু পুলিশের বাধার মুখে তা ভন্ডুল হয়ে যায়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, যাতে কোন অপ্রীতিকর ঘটনা ও আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সে জন্য কারখানার ফটকে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এদিকে, সাভারের খাগান এলাকায় আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী মুকবুল হোসেনের মালিকানাধীন পান্না টেক্সটাইলস লিমিটেডের ২২ শ্রমিককে বরখাস্ত করা হবে। আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে তাদের মঙ্গলবার বরখাস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এই কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে শনিবার থেকে আন্দোলন করে আসছিলেন। আন্দোলনের মুখে সোমবার কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল কর্তৃপক্ষ। পরে কর্তৃপক্ষ মিলটি চালু রেখে উসকানি দেওয়ার অভিযোগে ২২ জন শ্রমিককে বরখাস্ত করার সিন্ধান্ত নেয়। পান্না টেক্সটাইলস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) খালেদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের অনুরোধে কারখানা চালু রাখ হল। তবে আন্দোলনে উসকানি দেয়ার অভিযোগে রসুল, ছোটন, মুন্না, হাবিবুর ফারুকসহ ২২ জনকে মঙ্গলবার সকাল ১০ টার দিকে বরখাস্ত করা হবে। বিকেএমইএ এর নিয়মানুসারে তাদের সব পাওনা বুঝি দেয়া হবে। এছাড়া বরখাস্তকৃত শ্রমিকরা যাতে ঝামেলা করতে না পারে সে জন্য পুলিশের সাহায্য চাওয়া হয়েছে বলে তিনি জানান। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির জানান, ২২ জন শ্রমিককে বরখাস্ত করা হবে এবং পাওনা বুঝিয়ে দেবে কর্তৃপক্ষ। এ সময় ঘটনাস্থলে যাতে কোন ঝামেলা না হয় সে জন্য মঙ্গলবার সকাল থেকে কারখানায় পুলিশ মোতায়েন থাকবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/২০৩০ ঘ.