২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যে যেখানে ভোটার হবেন, সেখানেই ভোট দেবেন'

এ বছর ছবিসহ ভোটার তালিকায় এক এলাকার ভোটার অন্য এলাকায় ভোট দিতে পারবেন না। তাই ভোটারকে এখন শুধু নিবন্ধিত এলাকাতেই ভোট দিতে হবে। তবে আগামী বছর কম্পিউটার সার্ভারের উন্নয়নের পর এই তথ্য স্থানান্তর (ডেটা ট্রান্সফার) করা সম্ভব হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 11:20 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- এ বছর ছবিসহ ভোটার তালিকায় এক এলাকার ভোটার অন্য এলাকায় ভোট দিতে পারবেন না। তাই ভোটারকে এখন শুধু নিবন্ধিত এলাকাতেই ভোট দিতে হবে। তবে আগামী বছর কম্পিউটার সার্ভারের উন্নয়নের পর এই তথ্য স্থানান্তর (ডেটা ট্রান্সফার) করা সম্ভব হবে। সোমবার দুপুরে নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "চলতি বছরের ভোটার তালিকা অনুসারে যিনি যে এলাকায় ভোটার হবেন, তাকে সেখানেই ভোট দিতে হবে। তবে আগামী বছর কম্পিউটার সার্ভারের উন্নয়নের পর ভোটারের ডেটা ট্রান্সফার করা সম্ভব।" সংসদ নির্বাচনের প্রার্থীদের জন্য অবশ্য এই ব্যবস্থা প্রযোজ্য হবে না -- এ কথা জানিয়ে কমিশনার আরও বলেন, "সংসদ নির্বাচনের প্রার্থীরা দেশের যে কোনো এক জায়গায় ভোটার হলেই চলবে। তবে স্থানীয় নির্বাচনের জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার ভোটার হতে হবে।" সাখাওয়াত হোসেন জানান, গত শনিবার পর্যন্ত সারাদেশে মোট দু কোটি ২৩ লাখ ৯৭ হাজার ৬০২ জন ভোটার তালিকায় নিবন্ধিত হয়েছেন। ঢাকা বাদে পাঁচটি সিটি করপোরেশনে এবং ৭২টি উপজেলায় ভোটার তালিকা তৈরি শেষ হয়েছে। এখন ৮৫টি থানায় ভোটার তালিকা তৈরির কাজ চলছে। আর ঢাকার ২৮টি থানার মধ্যে ২৬টি থানায় নিবন্ধিত হয়েছেন ২০ লাখ ৪১ হাজার ছয়জন ভোটার। সরকারের বিভিন্ন মহলের পক্ষ থেকে প্রস্তাব করে হয়েছে, উপজেলা ও সংসদ নির্বাচন একই সঙ্গে করার জন্য। এ বিষয়ে কমিশনার বলেন, "এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা কোনো প্রস্তাব বা চিঠি পাইনি। চিঠি পেলে বিষয়টি আমরা দেখবো, এক সঙ্গে নির্বাচনে সুবিধা বেশী না অসুবিধা বেশী। এটি দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তবে একসঙ্গে নির্বাচন অসম্ভব নয়। এতে টাকারও সাশ্রয় হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএ/ ১৭১৪ ঘ.