২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্রের জন্য আইনের শাসন ও মানবাধিকারের সমন্বয় চাই: আইরিন খান

আইনের শাসনের সঙ্গে মানবাধিকারের সমন্বয় না হলে সত্যিকারের গণতন্ত্র আসবে না বলে মন্তব্য করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান আইরিন খান। রোববার বিকালে রাজশাহীর পর্যটন মোটেলে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

রাজশাহী, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইনের শাসনের সঙ্গে মানবাধিকারের সমন্বয় না হলে সত্যিকারের গণতন্ত্র আসবে না বলে মন্তব্য করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান আইরিন খান। রোববার বিকালে রাজশাহীর পর্যটন মোটেলে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আইরিন খান বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিচার কীভাবে করা হয়েছে এবং তাদের বর্তমান অবস্থা জানতেই আমরা এখানে এসেছি। গত সেপ্টেম্বরে আটক শিক্ষকদের মুক্তির জন্য আমরা সরকারকে চিঠি দিয়েছিলাম। এজন্য শিক্ষকরা আমাদের ধন্যবাদ জানিয়েছেন।" তিনি জানান, "রাজশাহীর সুশীল সমাজের প্রতিনিধিরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মাধ্যমে জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানের সঙ্গে আলোচনার সময় আমরা এ বিষয়েও কথা বলবো।" যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, "তারা মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে, তাদের বিচার হওয়া দরকার।" আইরিন খান জানান, রাজশাহীতে জঙ্গিবাদের উত্থান কীভাবে হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তা খতিয়ে দেখছে। বাংলাদেশে ছয় দিনের সফরে অ্যামনেস্টির পর্যবেক্ষণের বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের অবহিত করা হবে বলেও জানান তিনি। মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম ছাব্বির সাত্তার, সারওয়ার জাহান চৌধুরী, সারোয়ার জাহান সজল, আব্দুল্লাহ আল মামুন, মলয় কুমার ভৌমিক, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, ওয়ার্কাস পার্টির ফজলে হোসেন বাদশাহ, অ্যাডভোকেট আসলাম সরকার, অ্যাডভোকেট হামিদুল হক প্রমুখ। এর আগে দুপুরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিনিধি দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করেন। তারা শিক্ষকদের গ্রেপ্তার, বিচার, মুক্তিসহ বিভিন্ন বিষয়ে সঙ্গে কথা বলেন। এসময় আইরিন খানের সঙ্গে ছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এশিয়া অঞ্চলের প্রধান আব্বাস ফয়েজি, অ্যাসেসিয়েশন ফর ডেভেলপমেন্টের (এডিসি) প্রধান হালিমা সারওয়ার, সংগঠনটির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভারপ্রাপ্ত উপ প্রধান পরিচালক টিম প্যারেথ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২২১৪ ঘ.