২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ পৌর চেয়ারম্যান ও সাবেক পুলিশ সুপারের বিরুদ্ধে দুর্নীতির মামলা

হবিগঞ্জ পৌরসভা চেয়ারম্যান জিকে গউস ও সাবেক পুলিশ সুপার মজিবুল হকের বিরুদ্ধে সম্পদের মিথ্যা তথ্য প্রদান ও জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 02:43 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ পৌরসভা চেয়ারম্যান জিকে গউস ও সাবেক পুলিশ সুপার মজিবুল হকের বিরুদ্ধে সম্পদের মিথ্যা তথ্য প্রদান ও জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জুলফিকার আলী ও গোলাম মোস্তফা বাদী হয়ে রোববার রমনা থানায় মামলা দুটি করেন। রমনা থানার উপ-পরিদর্শক ফরিদ আহমেদ জানান, সাবেক পুলিশ সুপার মজিবুল ইসলাম, তার স্ত্রী শাহেদা হক ও ছেলে শহীদুল হকের বিরুদ্ধে মামলা করেছেন জুলফিকার আলী। মামলার অভিযোগে বলা হয়, আসামিদের সম্পদের হিসাবে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার টাকার তথ্য গোপন করা হয়েছে। এছাড়া, জ্ঞাত আয় -বহির্ভূত ৫ কোটি ২৬ লাখ ৮৯ হাজার টাকার সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে। হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান জিকে গউস ও তার স্ত্রী ফারহানা গউসের বিরুদ্ধে মামলা করেন দুদক কর্মকর্তা গোলাম মোস্তফা। এতে অভিযোগ করা হয়, আসামিরা তাদের সম্পদের হিসাবে ৪ লাখ ৮৫ হাজার টাকার তথ্য গোপন করেছেন। হিসাবে তারা ওষুধ ব্যবসার তথ্য দেননি। এছাড়া, তাদের বিরুদ্ধে ৩ কোটি টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। জরুরি বিধিমালায় আটক জিকে গউস এখন কারাগারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/এসকে/২০৩২ঘ.