২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরের জাজিরায় একজনকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

জাজিরা উপজেলার বিলাশপুর মেহের আলী মাদবর কান্দি গ্রামে স্থানীয় সন্ত্রাসী কুদ্দুস বাহিনীর বিরুদ্ধে পোষ্টার লাগানোকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় ফারুক মাদবর (২৮) নামের একজন খুন ও সিপন সরদার নামে আরেকজন মারাত্মক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

শরীয়তপুর, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাজিরা উপজেলার বিলাশপুর মেহের আলী মাদবর কান্দি গ্রামে স্থানীয় সন্ত্রাসী কুদ্দুস বাহিনীর বিরুদ্ধে পোষ্টার লাগানোকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় ফারুক মাদবর (২৮) নামের একজন খুন ও সিপন সরদার নামে আরেকজন মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে বিলাশপুরের সুলতান খলিফা ও আবুল কাশেম নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ভূইয়া জানান, শনিবার রাত ১টার দিকে কুদ্দুস বেপারীর ফাঁসির দাবিতে ফারুক মাদবর ও সিপন সরদারসহ ৪/৫ জন মেহের আলী মাদবর কান্দি, নতুন ব্রীজ ও বিলাশপুরে পোষ্টার লাগিয়ে ফেরার পথে কুদ্দুস বাহিনীর সদস্যরা তাদের ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। তিনি জানান, হামলাকারীরা ডাকাতির অভিযোগ এনে ঘটনা ভিন্ন নেয়ার চেষ্টা করছে। স্থানীয়রা জানান, কুদ্দুস বেপারী র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর ফারুক ও সিপন পোস্টার লাগাতে যায়। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাদের ধরে কুদ্দুস বেপারীর বাড়িতে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। ঘটনাস্থল থেকে পালিয়ে আসা দুইজন জাজিরা থানায় খবর দিলে রাত ৪টার দিকে পুলিশ কুদ্দুস বেপারীর বাড়ি থেকে ফারুক মাদবর ও সিপন সরদারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জাজিরা হাসপাতালে ভর্তি করে। রোববার সকাল সাড়ে ৮টায় জাজিরা হাসপাতালে ফারুক মাদবর মারা যান। সিপনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের মা কমলা বেগম জানান, ঢাকা থেকে কুদ্দুস বেপারীর ফাঁসির দাবির ওই পোস্টার গ্রামে এলে কয়েকজন যুবক ফারুককে রাতে ডাকতে আসে। এরপর রাত ৩টার দিকে খবর পাই কুদ্দুস বাহিনীর লোকেরা তাকে মেরে স্কুলে রেখে গেছে। ফারুক ওই গ্রামের আব্দুর রাজ্জাক মাদবরের ছেলে। কুদ্দুস বেপারীর বড় ভাইয়ের স্ত্রী রোজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার গভীর রাতে ফারুকসহ ৭/৮ জনের ডাকাতদল আমাদের বাড়ি এসে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করতে চাইলে আমরা চিৎকার করি। এরপর স্থানীয় লোকজন এসে তাদের ঘেরাও করে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।" শরীয়তপুরের পুলিশ সুপার শাহারিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩২ ঘ.