রাজশাহী, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় সাজাপ্রাপ্ত এক শিক্ষার্থী রোববার আদালতে আত্মসমর্পণ করেছেন।
আত্মসমর্পণকারী ওই শিক্ষার্থীর নাম মো. আবু সায়েম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র সায়েম ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি এবং সাংস্কৃতিক সংগঠন উদীচীর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক।
আত্মসমর্পণের পর রাজশাহীর অতিরিক্ত বিচার বিভাগীয় হাকিম আদালতের বিচারক বিচারক রুহুল আমীন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই মামলায় জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে সায়েমসহ ১১ জনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। তবে রায়ে মামলায় আসামি দুই অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাকে খালাস দেয়া হয়।
রোববার আদালতে সায়েমের বাবা মাহফুজ আলী, বোন রাবির রসায়ন বিভাগের শিক্ষার্থী মাসুমা পারভেজ, নানা আফজাল হোসেন ও মামা জিল্লুর রহমানসহ স্বজনরা উপস্থিত ছিলেন। আদালত থেকে সায়েমকে কারাগারে নেওয়ার সময় তারা কান্নায় ভেঙে পড়েন।
ওই সময় সায়েম সাংবাদিকদের কাছে দাবি করেন, ২২ আগস্ট তিনি কাজলায় তার ছাত্রাবাসে ছিলেন। গাড়ি পোড়ানোর সঙ্গে তিনি কোনভাবেই সম্পৃক্ত নন।
আইনের প্রতি সম্মান জানানোর জন্যই তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন উল্লেখ করে সায়েম আশা প্রকাশ করেন, উচ্চ আদালতে তিনি অবশ্যই নির্দোষ প্রমাণিত হবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের রেশ ধরে গত ২২ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। ওই সময় গুলিবিদ্ধ হয়ে এক রিকশাচালক নিহত হয়।
ছাত্র বিক্ষোভের সময় ডিজিএফআইয়ের গাড়ি পোড়ানোর অভিযোগে গোয়েন্দা সংস্থাটির সহকারী পরিচালক শওকত আলী বাদি হয়ে ২৩ আগস্ট মতিহার থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপ-পরিদর্শক মুক্তার হোসেন ১ সেপ্টেম্বর দুই শিক্ষকসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
১২ ডিসেম্বর মামলা রায়ে রাবি শিক্ষার্থী আবু সায়েম, দ্বীপায়ন সরকার, মিজানুর রহমান মিঠু, সরদার আয়াজ, ফকরুল ইসলাম, শামীম আহম্মেদ, সাখাওয়াত হোসেন, আব্দুল লতিফ, আয়েন উদ্দীন, আজিজ বিন কামাল এবং সাবেক উপাচার্য ফাইসুল ইসলাম ফারুকীর গাড়িচালক আতাউর রহমানকে সাজা দেওয়া হয়।
আতা ও সায়েম ছাড়া বাকি আসামিরা এখনো পলাতক রয়েছেন।
ছাত্র বিক্ষোভের অপর মামলায় রাবির ছয় শিক্ষকই খালাস পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০০ ঘ.
bdnews24