২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতিকউল্লাহ মাসুদের বিরুদ্ধে এনবিআরের মামলা, দুর্নীতি মামলায় অভিযোগ গঠন

কর ফাঁকির অভিযোগে জনকণ্ঠ সম্পাদক ও গ্লোব কন্সট্রাকশনস লিমিটেডের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদের বিরুদ্ধে দুটি মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিচারক মামলা দুটি গ্রহণ করে মাসুদকে আদালতে হাজির করার এবং মাসুদের স্ত্রী, দুই ছেলেসহ মোট ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 11:59 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কর ফাঁকির অভিযোগে জনকণ্ঠ সম্পাদক ও গ্লোব কন্সট্রাকশনস লিমিটেডের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদের বিরুদ্ধে দুটি মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিচারক মামলা দুটি গ্রহণ করে মাসুদকে আদালতে হাজির করার এবং মাসুদের স্ত্রী, দুই ছেলেসহ মোট ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে। এদিকে অবৈধভাবে ভবনের নকশা অনুমোদন ও নথি গায়েবের মামলায় আতিকুল্লাহ খান মাসুদ ও রাজউকের অথরাইজড অফিসার এটিএম কামরুজ্জামান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এনবিআরের উপ কর কমিশনার আয়েশা সিদ্দীকা শেলী ও সৈয়দ জাকির হোসেন রোববার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে কর ফাঁকির অভিযোগে দুটি মামলা দায়ের করেন। আয়েশা সিদ্দীকার দায়ের করা মামলার আসামিরা হচ্ছে গ্লোব কনস্ট্রাকশনস লিমিটেড, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আতিক উল্লাহ খান মাসুদ, তার স্ত্রী শামীমা এ খান, দুই ছেলে মিশাল আতিক উল্লাহ খান, জিশাল আতিক উল্লাহ খান এবং গ্লোবের হিসাব নিরীক্ষাকারী দুটি প্রতিষ্ঠানের মালিক আতাউদ্দিন খান ও আবদুল খালেক। এ মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজসে ১৯৯৯ থেকে ২০০৬ করবর্ষ পর্যন্ত গ্লোব কন্সট্রাকশন লিমিটেডের ৫ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ২৯ টাকার আয় গোপন করেছেন এবং ২ কোটি ৮ লাখ ১৪ হাজার ৪৫ টাকার কর ফাঁকি দিয়েছেন। জাকির হোসেনের দায়ের করা মামলার আসামিরা হলেন আতিক উল্লাহ খান মাসুদ, তার স্ত্রী ও দুই ছেলে এবং গ্লোব কন্সট্রাকশনস লিমিটেড। এতে অভিযোগ করা হয়েছে, আসামিরা ২০০২ এর ১ জুলাই থেকে ২০০৪ এর ৩০ জুন পর্যন্ত সময়ে বসুন্ধরা প্রকল্পের জন্য জমি কেনা বাবদ ৬ কোটি ২৩ লাখ ৫৪ হাজার টাকার বিনিয়োগ কর ফাঁকি দিয়েছেন। সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক আজিজুল হক মামলা দুটি গ্রহণ করে কারাবন্দি আতিক উল্লাহ খান মাসুদকে আদালতে হাজির করার এবং অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। আগামী ৯ জানুয়ারি দুটি মামলারই পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে অবৈধভাবে ভবনের নকশা অনুমোদন ও নথি গায়েবের মামলায় আতিকুল্লাহ খান মাসুদ ও রাজউকের অথরাইজড অফিসার এটিএম কামরুজ্জামান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। রোববার বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় এ অভিযোগ গঠন করেন। আগামী ১০ জানুয়ারি এ মামলার সাক্ষ্য নেওয়ার জন্য দিন ধার্য করেন তিনি। আতিকুল্লাহ খান কারাগারে আটক থাকলেও অপর আসামি পলাতক রয়েছেন। গত ৩০ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মাহমুদ হাসান মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আতিকুল্লাহ খান মাসুদ মালিবাগ ডিআইটি রোডে একটি ১৫তলা ভবন নির্মাণের জন্য ১৯৯৯ সালের ১৯ এপ্রিল রাজউকের কাছে আবেদন করেন। ২৩ মে রাজউকের অথরাইজড অফিসার এটিএম কামরুজ্জামান নিজেই স্বাক্ষর করে একটি ভুয়া নকশা তৈরি করেন। পরে ওই নকশা ও অনুমোদন দেখিয়ে গ্লোব কনস্ট্রাকশনের চেয়ারম্যান আতিকুল্লাহ খান ফ্ল্যাট বিক্রির নামে ১৭ জনের কাছ থেকে ২ কোটি ২২ লাখ ৪৪ হাজার টাকা নেন। সম্পত্তির বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়া ও তথ্য গোপনের মামলায় আতিকুল্লাহ খান মাসুদ এখন কারাগারে রয়েছেন। যৌথবাহিনী গত ৭ মার্চ ইস্কাটনের জনকণ্ঠ ভবন থেকে তাকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/পিসি/জেকে/এমএ/১৭৫১ঘ.