ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকদের মত প্রকাশ, আলোচনা-সমালোচনা ও প্রতিবাদ জানানোর স্বাধীনতা থাকা উচিত মন্তব্য করে সফররত ব্রিটিশ সাংসদ মার্গারেট অ্যান মেইন আশা প্রকাশ করেছেন, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটক শিক্ষক-শিক্ষার্থীরা অচিরেই মুক্তি পাবেন।
যুক্তরাজ্যের হাউজ অফ কমন্সে রক্ষণশীল দলের সদস্য অ্যান মেইন রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএমএ ফায়েজের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ব্রিটিশ সাংসদ সাংবাদিকদের বলেন, "শিক্ষকতা একটি সম্মানজনক পেশা। শিক্ষকদের মত প্রকাশ, আলোচনা-সমালোচনা এবং প্রতিবাদ জানানোর স্বাধীনতা থাকা উচিত।"
তিনি বলেন, "আশা করছি, আটক শিক্ষক-শিক্ষার্থীরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অচিরেই মুক্তি পাবেন।"
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অ্যান মেইন বলেন, "আমরা আশা করছি, যত তাড়াতাড়ি সম্ভব জরুরি অবস্থা তুলে নেবে সরকার। কারণ অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি গুরুত্বপূর্ণ।"
ওই সময় উপাচার্য এসএমএ ফায়েজও আটক শিক্ষক-শিক্ষার্থীর দ্রুত মুক্তির বিষয়ে আশা প্রকাশ করেন।
যুক্তরাজ্যের সাংসদের সঙ্গে বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আফম ইউসুফ হায়দার, আইন অনুষদের ডিন অধ্যাপক বোরহানউদ্দিন এবং প্রক্টর ড. আ কা ফিরোজ উপস্থিত ছিলেন।
এক সপ্তাহের সফরে অ্যান মেইন শনিবার বাংলাদেশ আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/এমএ/১৭১১ ঘ.
bdnews24