রাঙামাটি, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৌদ্ধ ধর্মীয়গুরু এবং চাকমা সার্কেলের রাজগুরু অগ্রবংশ মহাথেরো শনিবার রাতে রাঙামাটি জেনারেল হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। শনিবার রাত ৮টার দিকে তার বুকে ব্যাথা ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে রাঙামাটি জেনালের হাসপাতালে ভর্তি করা হয়। সোয়া ৯টার দিকে তিনি মারা যান।
মৃত্যুর সময় পর্ষন্ত তিনি রাঙামাটির চাকমা রাজার বৌদ্ধ বিহারে অবস্থান করছিলেন।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রোববার রাঙামাটি রাজবিহারে অগ্রবংশ মহাথেরোর মরদেহ রাখা হয়। তার মরদেহ তিন মাস রাজবিহারে সংরক্ষণ করা হবে। এর পর অনুষ্ঠানিকভাবে সৎকার করা হবে।
অগ্রবংশ মহাথেরো ১৯১৩ সালের ২৩ নভেম্বর রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রাইখ্যয়ং এলাকার কতুবদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ভিক্ষু হওয়ার আগে তার নাম ছিল ফূলনাথ তংচংগ্যা। তার বাবার নাম রুদ্রসেন কারবারী, মায়ের নাম ইচ্ছামতি তংচংগ্যা।
তিনি ১৯৩৫ সালে প্রব্রজ্জ্যা এবং ১৯৩৯ সালে উপসম্পদা গ্রহণ করেন। ১৯৫৪-৫৬ সালে রেঙ্গুনে অনুষ্ঠিত ষষ্ঠ মহাসংগীতিতে সংগীতিকারক হিসেবে অংশ নেন। সেই সময়ে মিয়ানমার ও অন্যান্য দেশ থেকে আসা ভিক্ষুদের সমন্বয়ে গঠিত সুপ্রিম সংঘ কাউন্সিলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
১৯৫৮ সালে জানুয়ারিতে চাকমা রাজা ত্রিদিব রায় তাকে রাজগুরু পদে বরণ করেন। এছাড়া তাকে গত বছর মিয়ানমার সরকার রাষ্ট্রীয়ভাবে 'অগগামহাসদ্ধম্ম জ্যোতিকা ধ্বজা' সন্মানে ভূষিত করে।
তিনি ছিলেন বহু ভাষাবিদ। বৌদ্ধশাস্ত্র নিয়ে তার অনেক মূল্যবান পুস্তক রয়েছে।
রাজগুরুর মৃত্যুতে চাকমা সার্কেলের প্রধান ব্যারিষ্টার দেবাশীষ রায়, পার্বত্য ভিক্ষু সংঘের নেতারা, বাংলাদেশ তংচংগ্যা কল্যাণ সংস্থার যুগ্ন আহ্বায়ক ও আশ্রয়া অঙ্গনের সভাপতি অ্যাডভোকেট দীননাথ তংচংগ্যা গভীর শ্রদ্ধা ও শোক জানিয়েছেন।
এছাড়া বেসরকারি সংস্থা শাইনিং হিলের সভাপতি সত্রং চাকমা, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান রাজন, গ্লোবাল ভিলেজের সভাপতি ফজলে এলাহী প্রমুখ রাজগুরুর প্রতি শ্রদ্ধা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৫০ ঘ.
bdnews24