চট্টগ্রাম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম, সাভার ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় শনিবার পাঁচজন নিহত এবং চারজন আহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে ট্রাক চাপা পড়ে মারা গেছেন একজন মুক্তিযোদ্ধা। (আরো তথ্যসহ-১)
চট্টগ্রাম অফিস জানায়, শনিবার সন্ধ্যায় পটিয়ার জলুরদীঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় নিহত হয়েছেন ঠেলাগাড়ি চালক আবু তৈয়ব (৩০) ও জাহাঙ্গীর আলম (২৭)। এছাড়া নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় দুপুরে ট্রাক চাপায় আবুল হাশেম (৫০) নামের একজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামমুখী একটি বাস জলুরদীঘি এলাকায় সন্ধ্যা সাতটার দিকে একটি ঠেলাগাড়িকে ধাক্কা দিলে দুই চালক আবু তৈয়ব ও জাহাঙ্গীর আলম ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও দু'জন পথচারী আহত হন।
আহতদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে ।
এদিকে বায়েজিদ বোস্তামি থানার সামনে রাস্তা পার হওয়ার সময় দুপুর আড়াইটার দিকে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় আবুল হাশেম নামের এক ব্যক্তি আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, আবুল মারা গেছেন।
আবুল হাশেমের বাবার নাম নবী নেওয়াজ। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলায়।
আবুল হাশেমের স্বজনদের বরাত দিয়ে বায়েজিদ থানার দায়িত্বরত উপ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন।
ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
সাভার প্রতিনিধি জানান, বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের টোল প্লাজার সামনে সকাল ৮টার দিকে একটি দ্রুতগামী বাসের চাপায় গার্মেন্টস কর্মী আশরাফুল আলম (২২) নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক মুরাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশুলিয়া সোনিয়া গার্মেন্টসের শ্রমিক আশরাফুল আলম সাইকেলে কর্মস্থলে আসার পথে পিছন থেকে দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আশরাফুল কিশোরগঞ্জের হোসেনপুরের টেকেরপাড় গ্রামের এমদাদ আলীর ছেলে।
মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা স্টেডিয়াম এলাকায় সকালে ট্রাক চাপায় রাহেদ হোসেন (২৫) নামের এক রিক্সা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাক চালক আব্দুল গফুর (৪৮) ও উজির আলী (৪০)।
সদর থানার দায়িত্বরত উপ-পরিদর্শক জেসমিন পারভীন বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে জানান, ফরিদপুর চিনি কলের একটি আখ বোঝাই ট্রাক সকাল ১১ টার দিকে ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি মার্কেটে ঢুকে পড়ে। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা রাহেদ হোসেন ঘটনাস্থলে নিহত হন। আহত হন ট্রাক চালক আব্দুল গফুর ও উজির আলী।
আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/জেকে/২৩৫১ ঘ.
bdnews24