বরগুনা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগে শনিবার নৌবাহিনী বরগুনা সদর ইউনিয়নের মহিলা সদস্য খাদিজা বেগম ও চৌকিদার জহিরুল ইসলাম নান্নাকে গ্রেপ্তার করেছে।
খাদিজা বেগামের বাড়ি থেকে ৩০ কেজি চাল, নয় কেজি ডাল, এক কেজি লবণ, তিন লিটার পাম অয়েল ও পৌনে এক কেজি গুড় উদ্ধার করা হয়েছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
রেশন কার্ডের ত্রাণ না পাওয়া প্রতিবেশী মানিকের স্ত্রী রিজিয়া বেগমের বরাত দিয়ে তিনি জানান, রিজিয়ার রেশন কার্ডের ত্রাণ তার প্রতিবেশী মনোয়ারা বেগমকে দিয়ে উঠিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ইউপি সদস্য খাদিজা বেগাম জানান, রিজিয়া বেগম ও তার মেয়ে হাওয়ার নামে দুটো রেশন কার্ড করা হয়েছিল। একই ঘরে দু'জনকে কার্ড দেওয়ার নিয়ম না থাকায় একটি কার্ড মনোয়ারাকে দেওয়া হয়েছে। তাছাড়া তার ঘর থেকে উদ্ধারকৃত ত্রাণ সামগ্রী তার স্বামী মোস্তফা জামান নিরুর নামে উত্তোলন করা হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম বাসেত ও তার সহযোগী জহিরুল ইসলাম সৌরভের বিরুদ্ধে ত্রাণ আত্মসাতের অভিযোগ করেছে এলাকার ঘূর্ণিঝড় দুর্গত দেড় শতাধিক মানুষ। শনিবার তারা বরগুনা নৌ ক্যাম্পে দিয়ে তাদের বিরুদ্ধে ভূয়া নামে কার্ড করিয়ে ত্রাণ আত্মসাতের অভিযোগ করেন।
এই অভিযোগে শুক্রবার রাতে নৌবাহিনীর সদস্যরা জহিরুল ইসলামকে আটক করতে অভিযান চালায়। কিন্তু সৌরভ পালিয়ে যান। এ সময় তার মোটর সাইকেল জব্দ করে নৌবাহিনী।
সাতক্ষীরা ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান সুশীলন জনপ্রতিনিধিদের মাধ্যমে ওই এলাকায় ত্রাণ বিতরণ করছে। এই ত্রাণ বিতরণে ইউপি সদস্য বাসেতসহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে স্বজনপ্রীতিসহ ত্রাণ আত্মসাতের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ শাফায়েত হোসেন বিডিনিউজকে বলেন, তদন্ত সাপেক্ষে ত্রাণ আত্মসাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০০ ঘ.
bdnews24