ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের দাম নিয়ন্ত্রণে ৯ জানুয়ারি থেকে খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তবে চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের একটি অংশ রেশন ব্যবস্থা চালু করার পক্ষে। তারা বলছেন, নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তের দিকেও সরকারের নজর দেওয়া প্রয়োজন।
এদিকে, চালের দাম ক্রমাগত বেড়ে যাওয়াকে 'দুর্যোগ' হিসেবে নিয়ে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে মোকাবেলা করার তাগিদ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ।
সরকারের দাবি, ২৭ ডিসেম্বর থেকে ভারত চালের দাম বাড়িয়ে দেওয়ায় এর প্রভাব পড়েছে বাংলাদেশে। তবে এর আগে খোলা এলসির মাধ্যমে আসা চালের দাম বাড়ার জন্য মজুদদারিকে দায়ী করছে তারা।
বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তার কার্যালয়ে এক বৈঠকে আগামী ৯ জানুয়ারি হতে ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আইয়ুব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের সিটি কর্পোরেশন এলাকা, পৌরসভা ও উপজেলা সদরে ৯ জানুয়ারি থেকে ওএমএস শুরু হবে।"
এর আগে বুধবার পরিকল্পনা কমিশনে খাদ্য পরিধারণ পরিবীক্ষণ ও মূল্যায়ন কমিটির বৈঠকে দ্রুত ওএমএস চালুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
খ্যদ্য মন্ত্রণালয় জানায়, ওএমএস কার্যক্রমে সরকার নির্ধারিত ডিলারদের মাধ্যমে চাল সরবরাহ করা হবে। প্রতি পরিবার ২৫ টাকা দরে ৩ কেজি করে চাল পাবে। একজন ডিলার একদিন পর পর চাল বিক্রি করবে।
ওএমএস এর জন্য চলতি মাসেই ২৫ হাজার টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া, বিডিআরের বিক্রয় কেন্দ্রের জন্য ২০ হাজার টন চাল বরাদ্দ দেওয়া হয়। বিডিআর সদস্যরা ঢাকায় ১৫ হাজার টন ও খুলনায় বাকি পাঁচ হাজার টন চাল বিক্রি করবে। খুলনার শিল্পাঞ্চলের শ্রমিকদের কথা বিবেচনা করে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠকে যাওয়ার আগে তপন চৌধুরী জ্বালানি মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, ভারত ২৭ ডিসেম্বর থেকে চালের দাম বাড়িয়ে দেওয়ার পরই বাংলাদেশে এর প্রভাব পড়েছে। এর আগে এলসি করা চাল পুরনো দামে কেনা যাবে এ খবরটি যথাযথভাবে প্রচার হয়নি। এটিও দাম বাড়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
উপদেষ্টা বলেন, "সরকারের হাতে প্রচুর চাল রয়েছে। এগুলো দিয়ে সারাদেশে ওএমএসসহ খাদ্য সহায়তামূলক প্রকল্প চালু করে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা সেদিকটি ভাবছি।"
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক আরেক উপদেষ্টা সচিবালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি মনে করি রেশনিং ব্যবস্থা চালু হলে সব শ্রেণীর মানুষ সুবিধা পাবে। এতে চালের বাজারও নিয়ন্ত্রণে আসবে।"
তিনি জানান, বর্তমানে বিডিআরের বিক্রয় কেন্দ্র থেকে একটি নির্দিষ্ট আয়ের মানুষ চাল কিনছে। কিন্তু শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর কথাও সরকারকে বিবেচনা করতে হবে। চাল সবারই দরকার।
তিনি আরও জানান, উপদেষ্টা পরিষদের একাধিক আলোচনায় কেউ কেউ রেশনিং ব্যবস্থা চালুর বিপক্ষে মত দিয়েছেন। প্রয়োজনীয় অবকাঠামো নেই- যুক্তি দেখিয়ে তারা ওএমএস চালুর ওপর প্রাধান্য দিচ্ছেন।
সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বৃহস্পতিবার সেনাসদর দপ্তরে সিডর আক্রান্তদের জন্য ত্রাণ গ্রহণের সময় বলেন, "আমরা যদি এটাকে (চালের দাম বেড়ে যাওয়াকে) দুর্যোগ হিসেবে ধরি এবং সবাই একত্রে কাজ করি তাহলে এ দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব।"
চালের চড়া দামের কারণে নিজের উদ্বেগের কথা জানিয়ে সেনাপ্রধান বলেন, "এ বিষয়ে আমি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি।"
এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আইয়ুব মিয়া বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশে পর্যাপ্ত চাল থাকার পরও কেন দাম বাড়ছে তা পর্যালোচনা হওয়া দরকার।"
চালের সরবরাহ পর্যাপ্ত দাবি করে তিনি বলেন, "গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশে চাল আমদানি অনেক বেশি হয়েছে।"
ভারপ্রাপ্ত সচিব বলেন, "খাদ্য সহায়তা মূলক প্রকল্পগুলোর মধ্যে ভিজিএফ, টিআর, কাবিখা'র কাজ শুরু হয়েছে। ডব্লিউএফপি ও রেডক্রিসেন্টও কাজ করছে। সবগুলো ক্ষেত্রেই প্রচুর চাল বরাদ্দ রয়েছে।"
খাদ্য মন্ত্রণালয় জানায়, ২০০৬-০৭ অর্থবছরে দেশে ১৩ লাখ ৫৮ হাজার টন চাল ও ১১ লাখ ৬৩ হাজার টন গম এলসির মাধ্যমে আমদানি করা হয়। অন্যদিকে, চলতি ২০০৭-০৮ অর্থবছরের প্রথম ছয় মাসেই (জুলাই-ডিসেম্বর) এলসি'র মাধ্যমে চাল আমদানি হয়েছে ৯ লাখ ৬৩ হাজার টন এবং গম এসেছে ৭ লাখ ৬৭ হাজার টন।
মন্ত্রণালয় জানায়, এবার চাহিদার চেয়ে চালের উৎপাদন ১৭ লাখ টন কম হয়েছে। এই ঘাটতি মেটানোর জন্য সরকার সাত লাখ টন চাল আমদানি করেছে। বাকি ১০ লাখ টনের মধ্যে দাতাদের কাছে পাঁচ লাখ টন সহায়তা চাওয়া হয়েছে। এছাড়া, অবশিষ্ট পাঁচ লাখ টন ভারত থেকে আমদানি করা হবে।
ভারপ্রাপ্ত খাদ্য সচিব বলেন, "সরকারের হাতে প্রচুর চাল রয়েছে। একইসঙ্গে ব্যবসায়ীদের কাছে রয়েছে পর্যাপ্ত মজুদ। এত চাল দেশে থাকার পরও দাম বাড়ার যৌক্তিক কারণ নেই।"
এদিকে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী বাংলাদেশে বৃহস্পতিবার জানান, এক লাখ টন চাল রফতানির বিষয়ে থাইল্যান্ডের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
থাইল্যান্ড বলেছে, রপ্তানির জন্য তাদের দু'সপ্তাহ সময় লাগবে। এছাড়া, চাল রপ্তানির জন্য বৃহস্পতিবার ভিয়েতনাম সরকারকেও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জেআর/এসএনডি/এমএইচবি/১৯৫৫ ঘ.
bdnews24