চট্টগ্রাম, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৩ শয্যাবিশিষ্ট বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই ইউনিটের উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. মতিউর রহমান।
চমেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডে স্থাপিত এ বার্ন ইউনিট দ্রুত ৫০ শয্যায় উন্নীত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বছরে এক লাখ লোক নানা কারণে পুড়ে যায়। ঢাকায় দেশের একমাত্র বার্ন ইউনিটের মাধ্যমে বিশাল এই জনগোষ্ঠীকে চিকিৎসা দেয়া সম্ভব নয়। তাই সরকার দেশের বিভিন্ন হাসপাতালে আলাদা করে বার্ন ইউনিট খোলার উদ্যোগ নিয়েছে।
বার্ন ইউনিটকে একটি স্বতন্ত্র বিভাগে পরিণত করার ওপর জোর দিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সংবেদনশীল এ বিভাগে লোকজনের আনাগোনা বাড়লে ইনফেকশান হয়। এজন্য এ বিভাগটিকে ভবিষ্যতে আলাদাভাবে স্থাপন করে ৫০ শয্যায় উন্নীত করা হবে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবেদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুগ্ম সচিব গোলাম কুদ্দুছ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. শাহজাহান বিশ্বাস, ঢাকা বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক ডা. সামন্তলাল সেন, সার্জারি বিভাগের প্রধান আবদুর রউফ ও ডা. আইয়ুব আলী বক্তব্য রাখেন।
চমেক হাসপাতালে লোকবল সংকটের কথা উল্লেখ করে ডা. মতিউর রহমান বলেন, সরকার হাসপাতালগুলোতে লোকবল বাড়ানোর চেষ্টা করছে।
ঢাকার পর চট্টগ্রামে এই ইউনিট স্থাপন করা হল। একজন সহকারী অধ্যাপক ও একজন মেডিকেল অফিসার দিয়ে ১৩ শয্যার এই ইউনিটটির যাত্রা শুরু হয়েছে।
বার্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডা. আইয়ুব আলী উপস্থিত সাংবাদিকদের জানান, এ হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের ফলে চট্টগ্রাম অঞ্চলের পোড়া রোগীদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে।
উদ্বোধনের পর উপদেষ্টা বার্ন ইউনিট ঘুরে দেখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৯০৩ ঘ.
bdnews24