মৌলভীবাজার, ০১ জানুয়ারি (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, দুর্নীতি উৎখাতের পর বেতন বাড়ানোর চিন্তা করা যেতে পারে। বেতন বাড়ালেই দুর্নীতি কমবে না। যারা বেশি বেতন পান তারা বেশি ঘুষ নেন।
তিনি বলেন, "সরকারি কর্মকর্তা কর্মচারিদের বেতন বাড়লেই দুর্নীত কমবে না। যারা বেতন বেশি পায় তারা বেশি ঘুষ খায়। যারা কম বেতন পায়, তারা কম ঘুষ খায়। আগে দুর্নীতিকে উৎখাত করতে হবে। তারপর বেতন বাড়ানোর চিন্তা করতে হবে।"
মঙ্গলবার মৌলভীবাজার জেলা সদরের শহীদ জিয়া অডিটরিয়ামে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে 'দূর্নীতি প্রতিরোধ অভিযান' সংক্রান্ত এক মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বলেন, "দুর্নীতির জন্য শুধু একটি গোষ্ঠীকে দোষারোপ করা যাবে না। আমরা সবাই এর সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছি। শুধু ঘুষ নিলেই দুর্নীতি হয় না। ক্ষমতার অপব্যবহার সবচেয়ে বড় দুর্নীতি।
হাসান মশহুদ সিঙ্গাপুর ও মালয়েশিয়ার উদাহরণ দিয়ে বলেন, "আমরা দুর্নীতি করলে জাতি অপমানিত হবে। আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ করে বিবেক বোধের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। দুর্নীতি কমলে আমাদের জীবনের মান বাড়বে।"
তিনি সবাইকে এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আলকামা সিদ্দিকী, পুলিশ সুপার এম. খুরশীদ হোসেন।
এর পর মৌলভীবাজার সার্কিট হাউজে জেলা দুর্র্নীতি প্রতিরোধ সামাজিক আন্দোলনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
তিনি বলেন, এলজিইডি, সওজ, পাউবোসহ বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কাজে ঠিকাদাররা প্রাক্কল্লিত মূল্যের চাইতে কমে কাজ করছে। তারা নিশ্চয় নিম্নমানের কাজ করছে। জাতির ক্ষতি সাধন করছে। এর বিরুদ্ধে অভিযান শুরু করতে হবে।
হাসান মশহুদ জানান, দুর্নীতির সঙ্গে যুক্ত এমন কোনো চিহ্নিত দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। জেলা ও উপজেলায় যেসব দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে সেসব কমিটির সদস্যদের সম্পদের হিসাব ও স্বচ্ছতা নিশ্চিত করে কমিটি সচল করা হবে।
তিনি বলেন, কোনো দুর্নীতিবাজ যাতে নিজেকে রক্ষা করতে কিংবা কাউকে ফাঁসাতে হিংসাত্মক কিছু করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন- দুর্র্নীতি প্রতিরোধ সামাজিক আন্দোলনের আহ্বায়ক একে সুজাউল করিম, সদস্য সচিব কাজী ফেরদৌস আহমদ, দেওয়ান আব্দুল ওয়াহাব চৌধুরী, আবুল হোসেন, আসম সালেহ সোহেল প্রমুখ ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১০ ঘ.
bdnews24