২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতিকুল্লাহ খান মাসুদের বিরুদ্ধে দুদকের ৪ টি মামলা

জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও পাঁচ রাজউক কর্মীর বিরুদ্ধে রোববার মতিঝিল থানায় তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভবনের নকশা অনুমোদন ও নথি গায়েবের অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 02:25 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও পাঁচ রাজউক কর্মীর বিরুদ্ধে রোববার মতিঝিল থানায় তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভবনের নকশা অনুমোদন ও নথি গায়েবের অভিযোগ আনা হয়েছে। এছাড়া জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ, তার স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে রমনা থানায় আরেকটি মামলা করেছে কমিশন। চারটি মামলারই বাদি দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপসহকারী পরিচালক মাহমুদ হাসান। মতিঝিল থানার উপ পরিদর্শক মানিক মিয়া জানান, রোববার দুপুর ১২টার দিকে কমিশনের উপসহকারী পরিচালক মাহমুদ হাসান তিনটি মামলা দায়ের করেছেন। এর মধ্যে একটি মামলায় রাজউকের তত্ত্বাবধায়ক কর্মকর্তা এসএম আসাদুজ্জামান, গ্লোব কনস্ট্রাকশনস এর ব্যবস্থাপনা পরিচালক আতিকুল্লাহ খান মাসুদ ও রাজউক কর্মী (এমএলএসএস) মো. আকরাম হোসেনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ১৯৯০ সালের ২৬ জুন আতিকুল্লাহ খান মাসুদ ৫৬ এবং ৫৭ নম্বর হোসেনী দালান রোডে একটি ৯ তলা ও একটি ৬ তলা ভবনের নকশা অনুমোদনের জন্য রাজউকে জমা দেন। কিন্তু আসাদুজ্জামান ইমারত নির্মাণ কমিটিকে না জানিয়ে দুর্নীতির মাধ্যমে নকশাটির একটি অনুমোদনপত্র গ্লোব কনস্ট্রাকশনসের কাছে পাঠিয়ে দেন। এ বিষয়ে অনুসন্ধানের পর চলতি বছরের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন নকশা অনুমোদনের ফাইলটি পর্যালোচনার জন্য রাজউক সচিবকে অনুরোধ করে। কিন্তু নথিটি আর পাওয়া যায়নি। আসাদুজ্জামানের সঙ্গে যোগসাজশে মামলার তিন নম্বর আসামি আকরাম হোসেন ফাইলটি গায়েব করে দেয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। দ্বিতীয় মামলায় আতিকুল্লাহ খান মাসুদ, রাজউকের অথরাইজড অফিসার ফৌজি মো. বিন ও রাজউকের সাবেক ইমারত পরিদর্শক সোহরাব মিয়াকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, খিলগাঁও ৩৪ আউটার সার্কুলার রোড একটি ১৫তলা ভবন নির্মাণের জন্য আতিকুল্লাহ খান মাসুদ ১৯৯৯ সালের ৯ সেপ্টেম্বর নকশা অনুমোদনের আবেদন করেন। এই ক্ষেত্রেও অবৈধভাবে নকশার অনুমোদনপত্র নেন তিনি। যথাযথ কমিটিকে না জানিয়েই ফৌজি মো. বিন এই অনুমোদনপত্র দেন এবং পরে সোহরাব মিয়া ফাইল গায়েব করে ফেলে। তৃতীয় মামলার আসামিরা হচ্ছেন রাজউকের তত্ত্বাবধায়ক কর্মকর্তা এটিএম কামরুজ্জামান, আতিকুল্লাহ খান মাসুদ ও রাজউকের সাবেক ইমারত পরিদর্শক সোহরাব মিয়া। এজাহারে বলা হয়েছে, ১০/এ সেগুনবাগিচায় একটি ১৫তলা ভবন নির্মাণের জন্য আবেদন ও টাকা জমা দেওয়ার আগেই ওই দুই রাজউক কর্মী আতিকুল্লাহ খান মাসুদকে ভবনের নকশা অনুমোদনপত্র পাইয়ে দিয়েছেন। রমনা থানার উপপরিদর্শক মাহবুবুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুদকের উপসহকারী পরিচালক মো. মাহমুদ হাসান বাদি হয়ে আতিকুল্লাহ খান মাসুদের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় তার স্ত্রী শামীমা এ খান, ছেলে মিশাল এ খান এবং জিশাল এ খানকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, মাসুদ নিজে এবং তার স্ত্রী ও ছেলেদের নামে জ্ঞাত আয় বর্হিভূতভাবে মোট ১ কোটি ১৪ লাখ ৬ হাজার ২৪২ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে তিনি মোট ১ কোটি ৪০ লাখ ৫২ হাজার ৪৭৬ টাকার সম্পদের হিসাব গোপন করেছেন। কমিশনে জমা দেওয়া সম্পদ বিবরণীতে মোট ৪৩ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ৭৩০ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ আছে বলে আতিকুল্লাহ খান মাসুদ জানিয়েছেন। দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া সম্পত্তির বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়া ও তথ্য গোপনের অভিযোগে আতিকুল্লাহ খান মাসুদ এখন কারাগারে রয়েছেন। যৌথবাহিনী গত ৭ মার্চ ইস্কাটনের জনকণ্ঠ ভবন থেকে তাকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/জিএমএ/এমআইএম/এমএসবি/এমএ/২০১১ ঘ.