চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে বাড়িতে রোগী রেখে অস্ত্রোপচারের মতো চিকিৎসা দেয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার অসিত কুমার সরকারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
যৌথবাহিনী রোববার দুপুরে শহরের কাঁঠালতলায় চিকিৎসক অসিত কুমারের বাড়িতে অভিযান চালায়। ওই সময় ম্যাজিস্ট্রেট মো. নাসিরউদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম ও স্থানীয় সেনা ক্যাম্পের কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলামসহ সাংবাদিকরা ঘটনাস্থলে ছিলেন।
বৈধ কাগজপত্র না থাকায় জরুরি অবস্থা জারির পর শহরের ঝিলিম রোডে অসিত কুমারের মালিকানার গ্রামীণ ক্লিনিক কয়েক মাস আগে তিনি নিজেই বন্ধ করে দেন। অভিযোগ ছিল, ক্লিনিক বন্ধের পর গোপনে বাড়িতে রোগীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন অসিত কুমার।
অভিযানের সময় চিকিৎকের বাড়িতে অস্ত্রোপচার করা দুজন রোগী ছিলেন। এরা হলেন, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কানকাদীঘি গ্রামের মোজাম্মেল হকের ছেলে আব্দুস সবুর ও গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেনীচক গ্রামের জাহাঙ্গীরের স্ত্রী চম্পা বেগম।
চম্পা জানান, গত ২৭ আগস্ট তিনি এখানে ভর্তি হন। এখানেই তার মৃত সন্তান হয়। তারপর থেকে ওই বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
অসিত কুমারের বাসায় একটি ক্লিনিকের মতোই বিভিন্ন সরঞ্জাম রয়েছে। যৌথবাহিনী চিকিৎসকের বাড়িটি এবং গ্রামীণ ক্লিনিক সিলগালা করে দিয়েছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. রবিউল ইসলাম বলেন, "ডা. অসিত সরকারের গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো আমাকে জানানো হয়নি। কাগজপত্র পেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।"
চিকিৎসক অসিত কুমারকে যৌথবাহিনী পুলিশে সোপর্দ করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তারকৃত চিকিৎসকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৯ ঘ.
bdnews24