ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম. সাখাওয়াত হোসেন দাবি করেছেন, রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নির্বাচন কমিশনের নেই। বাধ্যতামূলক নিবন্ধনের মাধ্যমে কমিশন কেবল দলগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে চায়।
রোববার দুপুরে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তারা এ কথা বলেন।
ছহুল হোসাইন বলেন, "দলগুলোকে নিয়ন্ত্রণ করার প্রশ্নই আসে না। আমাদের লক্ষ্য রাজনৈতিক দলগুলোর গণতন্ত্রায়ণ। সুষ্ঠু নির্বাচন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্যই এটা দরকার।
তিনি আরো বলেন, "আমরা দলগুলোর মনোনয়ন বাণিজ্যও বন্ধ করতে চাই। একে নিয়ন্ত্রণ বলা ঠিক হবে না।"
কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, "আমরা আসলে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে চাই। কোন দলের নেতা কে হবেন তা আমরা নির্ধারণ করে দিচ্ছি না। তবে আমরা বলছি, নেতা নির্বাচন প্রক্রিয়া যেন গণতান্ত্রিক হয়। তাদের তহবিল কোত্থেকে আসবে সেটাও আমরা ঠিক করে দেব না। আমরা বলেছি, বছর শেষে অডিটের মাধ্যমে দলগুলোর আয় ব্যয়ের হিসাব দিতে হবে।"
তিনি আরো বলেন, "যারা আমাদের বিরুদ্ধে দলগুলোকে নিয়ন্ত্রণের অভিযোগ তুলছে, তাদের উচিত কমিশন কোথায় কীভাবে দলগুলোকে নিয়ন্ত্রণ করছে তা সুনির্দিষ্ট করে বলা। তাদের মনে রাখতে হবে , নিবন্ধনের এসব শর্ত আগেও ছিলো। আমরা শুধু নিবন্ধন বাধ্যতামূলক করার সুপারিশ করেছি।"
নিবন্ধন বাধ্যতামূলক করা প্রসঙ্গে ছহুল হোসাইন বলেন, "এমন নয় যে নিবন্ধন না করলে রাজনীতি করা যাবে না। তাছাড়া এখনই নিবন্ধন করতে হবে তাও নয়। শর্ত পূরণ করলে যে কোনো সময়ে নিবন্ধন করা যাবে।"
তিনি জানান, নির্বাচনী আইন সংস্কার নিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ীই দলগুলোর সঙ্গে মত বিনিময় হবে। নতুন করে কোনো দল মত বিনিময়ে অংশ নেওয়ার যোগ্য হলে পরে কখনো কিংবা চলমান সূচির ভেতরেই সুযোগ করে দেওয়া হবে। জাতীয় পার্টি আবেদন করায় তাদের সঙ্গে মত বিনিময়ের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/এমএ/১৮৩০ ঘ.
bdnews24