ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে শাইন পুকুর হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান সোহেল এফ রহমান, ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক মানিক মিয়া জানান, রোববার বিকেলে মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহাবুবুল আলম। এতে শাইন পুকুর হোল্ডিংস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান, পরিচালক ইকবাল আহমেদ, সোনালী ব্যাংকের সাবেক মহা ব্যবস্থাপক শেখ আমিনউদ্দীন আহমেদ, উপ-মহাব্যবস্থাপক (ক্রেডিট ডিভিশন) মো. আবু তাহের ও সাবেক উপ-মহাব্যবস্থাপক এ এস এম নুরুল হককেও আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা জাল ডকুমেন্ট ব্যবহার করে আবাসন প্রকল্প তৈরির জন্য সোনালী ব্যাংক লোকাল অফিস ঢাকা থেকে শাইনপুকুর হোল্ডিংস লিমিটেডের নামে ঋণ বাবদ প্রায় একশ ৮ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
এতে আরও বলা হয়, মাহমুদুর রহমান নিজের পরিচয় গোপন করে শাইন পুকুরের নামে ১৯৯৮ সালের ৪ ফেব্র"য়ারি সোনালি ব্যাংক লোকাল অফিস থেকে ৭৪ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি চেয়ে আবেদন করেন। ওই আবেদন সোনালী ব্যাংক প্রধান কার্যালয় অনুমোদন করে। মাহমুদুর রহমান এর বিপরীতে জামানত হিসেবে গাজীপুর সাব রেজিস্ট্রি অফিসে দুটি দলিলের মাধ্যমে ব্যাংক বরাবর প্রায় ৮৩ একর জমি রেজিস্ট্রি করে দেন। এর মধ্যে আট দশমিক ৫৯ জমি প্রকৃতপক্ষে রেডিও বাংলাদেশের অধিগ্রহণ করা এবং পাঁচ দশমিক ২০ একর বন বিভাগের। বাকি জমির মালিক স্থানীয়রা।
এ ধরনের প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করে দুদক।
আসামিদের মধ্যে সালমান এফ রহমান এখন কারাগারে আছেন। গত ৪ ফেব্র"য়ারি তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসএনডি/এমএ/১৭২৫ ঘ.
bdnews24