২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতিকুল্লাহ খান মাসুদ ও ৫ রাজউক কর্মীর বিরুদ্ধে দুর্নীতি মামলা

জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও পাঁচ রাজউক কর্মীর বিরুদ্ধে রোববার মতিঝিল থানায় তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভবনের নকশা অনুমোদন ও নথি গায়েবের অভিযোগ আনা হয়েছে। মতিঝিল থানার উপ পরিদর্শক মানিক মিয়া জানান, রোববার দুপুর ১২টার দিকে কমিশনের উপ সহকারী পরিচালক মাহমুদ হাসান এই্ মামলা তিনটি দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 11:31 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও পাঁচ রাজউক কর্মীর বিরুদ্ধে রোববার মতিঝিল থানায় তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভবনের নকশা অনুমোদন ও নথি গায়েবের অভিযোগ আনা হয়েছে। মতিঝিল থানার উপ পরিদর্শক মানিক মিয়া জানান, রোববার দুপুর ১২টার দিকে কমিশনের উপ সহকারী পরিচালক মাহমুদ হাসান এই্ মামলা তিনটি দায়ের করেন। এর মধ্যে একটি মামলায় রাজউকের অথরাইজড অফিসার এসএম আসাদুজ্জামান, গ্লোব কনস্ট্রাকশনস এর ব্যবস্থাপনা পরিচালক আতিকুল্লাহ খান মাসুদ, ও রাজউক কর্মী (এমএলএসএস) মো. আকরাম হোসেনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ১৯৯০ সালের ২৬ জুন আতিকুল্লাহ খান মাসুদ ৫৬ এবং ৫৭ নম্বর হোসেনী দালান রোডে একটি ৯ তলা ও একটি ৬ তলা ভবনের নকশা অনুমোদনের জন্য রাজউকে জমা দেন। কিন্তু আসাদুজ্জামান ইমারত নির্মাণ কমিটিকে না জানিয়ে দুর্নীতির মাধ্যমে নকশাটির একটি অনুমোদনপত্র গ্লোব কনস্ট্রাকশনসের কাছে পাঠিয়ে দেন। এ বিষয়ে অনুসন্ধানের পর চলতি বছরের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন নকশা অনুমোদনের ফাইলটি পর্যালোচনার জন্য রাজউক সচিবকে অনুরোধ করে। কিন্তু নথিটি আর পাওয়া যায়নি। আসাদুজ্জামানের সঙ্গে যোগসাজশে মামলার তিন নম্বর আসামি আকরাম হোসেন ফাইলটি গায়েব করে দেয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। দ্বিতীয় মামলায় আতিকুল্লাহ খান মাসুদ, রাজউকের অথরাইজড অফিসার ফৌজি মো. বিন, ও রাজউকের সাবেক ইমারত পরিদর্শক সোহরাব মিয়াকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, খিলগাঁও ৩৪ আউটার সার্কুলার রোড একটি ১৫তলা ভবন নির্মাণের জন্য আতিকুল্লাহ খান মাসুদ ১৯৯৯ সালের ৯ সেপ্টেম্বর নকশা অনুমোদনের আবেদন করেন। এই ক্ষেত্রেও অবৈধভাবে নকশার অনুমোদনপত্র নেন তিনি। যথাযথ কমিটিকে না জানিয়েই ফৌজি মো. বিন এই অনুমোদনপত্র দেন এবং পরে সোহরাব মিয়া ফাইল গায়েব করে ফেলে। তৃতীয় মামলার আসামিরা হচ্ছেন রাজউকের অথরাইজড অফিসার এটিএম কামরুজ্জামান, আতিকুল্লাহ খান মাসুদ ও রাজউকের সাবেক ইমারত পরিদর্শক সোহরাব মিয়া। এজাহারে বলা হয়েছে, ১০/এ সেগুনবাগিচায় একটি ১৫তলা ভবন নির্মাণের জন্য আবেদন ও টাকা জমা দেওয়ার আগেই ওই দুই রাজউক কর্মী আতিকুল্লাহ খান মাসুদকে ভবনের নকশা অনুমোদনপত্র পাইয়ে দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া সম্পত্তির বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়া ও তথ্য গোপনের অভিযোগে আতিকুল্লাহ খান মাসুদ এখন কারাগারে রয়েছেন। যৌথবাহিনী গত ৭ মার্চ ইস্কাটনের জনকণ্ঠ ভবন থেকে তাকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এমএ/১৭২৫ ঘ.