ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--এফবিসিসিআই এর নির্বাচনী তফসিল তিন সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে হাইকার্ট।
রোববার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. ফরিদ আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)র সাবেক সভাপতি আনিসুল হকসহ এফবিসিসিআই এর চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া পাঁচ জনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
একইসঙ্গে আদালত তাদেরকে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দিয়ে গত ২৫ সেপ্টেম্বর এফবিসিআই এর সালিশি কমিটির নেওয়া সিদ্ধান্তকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা আগামী ৩ সপ্তাহের মধ্যে তার কারণ দর্শানোর জন্য এফবিসিসিআই এর নির্বাচন সংক্রান্ত সালিশি বোর্ডের ওপর রুলনিশি জারি করেছে।
আগামী ২২ নভেম্বর এফবিসিসিআই এর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আদেশের পর অনিসুল হক সাংবাদিকদের বলেন, "আমাদেরকে তারা বাদ দিতে চেয়েছিল। কিস্ত তারা পারেননি। এখন রিটের চূড়ান্ত শুনানি হবে।"
রিটটির ওপর শুনানিতে অংশ নেন ব্যারিষ্টার রফিক উল হক, ও রোকন উদ্দিন মাহমুদ। এফবিসিসিআই এর পক্ষে ছিলেন আজমালুল হোসেন কিউসি।
বাদ পড়া অন্য চারজন হলেন ফয়সল সামাদ, আব্দুস সালাম, এবিএম সামশুদ্দিন ও ফেরদৌস পারভেজ বিভন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএ/১৭০৬ঘ.
bdnews24