২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকলোভী স্বামীকে তালাক দিয়েও রেহাই মেলেনি মেলান্দহের ফিরোজার

যৌতুকলোভী স্বামীর কাছ থেকে মুক্তি পেতে তাকে তালাক দিয়েছিলেন ফিরোজা বেগম। কিন্তু তাতে আরো ক্ষিপ্ত হয়ে তালাকপ্রাপ্ত স্বামী চান মিয়া তাকে অ্যাসিডে ঝলসে দিয়েছেন বলে অভিযোগ করেছেন মেলান্দহ উপজেলার মালঞ্চ গ্রামের ফিরোজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 01:35 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

জামালপুর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যৌতুকলোভী স্বামীর কাছ থেকে মুক্তি পেতে তাকে তালাক দিয়েছিলেন ফিরোজা বেগম। কিন্তু তাতে আরো ক্ষিপ্ত হয়ে তালাকপ্রাপ্ত স্বামী চান মিয়া তাকে অ্যাসিডে ঝলসে দিয়েছেন বলে অভিযোগ করেছেন মেলান্দহ উপজেলার মালঞ্চ গ্রামের ফিরোজা। ফিরোজা বেগম (৩৫) শনিবার জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ছয় মাস আগে তার সঙ্গে বিয়ে হয় একই উপজেলার চর পলিশার এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী চান মিয়ার সঙ্গে। এটা ফিরোজার দ্বিতীয় বিয়ে। বিয়ের দিন যৌতুক হিসেবে ২৬ হাজার টাকা চান মিয়াকে দেয়া হয় বলে ফিরোজা জানান। কিন্তু চান মিয়া আরো ৫০ হাজার টাকা দাবি করে প্রতিদিনই ফিরোজাকে নির্যাতন করতে থাকে। ফিরোজা জানান, নির্যাতন সইতে না পেরে বিয়ের ১৫ দিনের মাথায় চান মিয়াকে তালাক দেন তিনি। আর এতে ক্ষিপ্ত হয়ে চান মিয়া বিভিন্নভাবে তাকে হুমকি-ধমকি দিতে থাকে। শুক্রবার রাতে চান মিয়া দলবল নিয়ে ফিরোজার বাবা ইনতুল্লাহর বাড়িতে হামলা চালিয়ে ফিরোজাকে অ্যাসিডে ঝলসে দেয় বলে ফিরোজা অভিযোগ করেন। ফিরোজার শরীরের বাম দিকের ওপরের অংশ অ্যাসিডে ঝলসে গেছে। ফিরোজা বলেছে, অ্যাসিড নিক্ষেপের পরও নানাভাবে তাকে হুমকি দিয়ে যাচ্ছে চান মিয়া। ফিরোজা বেগমকে শনিবার সন্ধ্যায় ঢাকায় নিয়ে গেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সংস্থাটির মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির জেলা সমন্বয়ক সুলতান আহমেদ জানান, উন্নত চিকিৎসার জন্য ফিরোজাকে ঢাকায় নিচ্ছেন তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৬ ঘ.