গাজীপুর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মজুরি বৃদ্ধিসহ ছয়দফা দাবিতে টঙ্গীতে আকিজ গ্র"পের ঢাকা টোবাকো ইন্ডাস্ট্রিজের সাত থেকে আটশ অস্থায়ী শ্রমিক শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা টঙ্গী-কালীগঞ্জ সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখে।
পরে কর্তৃপক্ষ ৭ দিনের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সন্ধ্যায় শ্রমিকরা কাজে ফিরে যায়।
শ্রমিকরা জানান, প্রতিদিনের মজুরি ৮৫ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা, ১০০০ টাকা ঈদ বোনাস দেওয়া, অহেতুক শ্রমিক ছাঁটাই বন্ধ করাসহ ৬ দফা দাবিতে ঢাকা টোব্যাকোর সাত থেকে আটশ শ্রমিক দুপুর দেড়টার দিকে কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে আসে। তারা কারখানা সংলগ্ন টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ করে রাখলে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এ সময় পুলিশ ও র্যাব এসে অবরোধ তুলে নিতে বললে শ্রমিকরা জানায়, কর্তৃপক্ষের কেউ এসে দাবি পূরণের আশ^াস না দিলে তারা অবরোধ তুলে নেবে না। পরে কারখানার ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিন ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসলে বিকেল সাড়ে চারটার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
বৈঠকে ব্যাবস্থাপনা পরিচালক ৭ দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা রাতের পালা থেকে কাজে ফিরে যায়।
টঙ্গী থানার উপ পরিদর্শক শাহ আলম জানান, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিন বিকেল ৫টার দিকে কারখানায় গিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি এক সপ্তাহের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা কাজে ফিরে যায়। এ বৈঠক আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপক (কারিগরী) মো. মনিরুজ্জামান বলেন, "বৃহস্পতিবার অস্থায়ী শ্রমিকরা তাদের ছয় দফা দাবির কথা জানায়। এ ব্যাপারে রোববার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে তাদের আলোচনার ব্যবস্থা করার আশ্বাস দিই। তারা সেটি মেনেও নেয়। কিন্তু একটি বিশেষ মহলের ইন্ধনে হঠাৎ করেই শ্রমিকরা আন্দোলন শুরু করে। সন্ধ্যায় ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনার পর তারা কাজে ফিরেছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২০৪৩
bdnews24