ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে অভিবাসন পেতে আগ্রহীদের কাছ থেকে ২০০৯ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির জন্য আবেদনপত্র নেওয়া শুরু হবে আগামী ৩ অক্টোবর বাংলাদেশ সময় রাত দশটা থেকে। চলবে এ বছরের ২ ডিসেম্বর রাত ১১ টা পর্যন্ত।
নিবন্ধনকালে আবেদনকারীরা কম্পিউটার ওয়েব সাইট থেকে 'ইলেকট্রনিক ডাইভারসিটি ভিসা এন্ট্রি ফর্ম' পাবেন। কাগজে আবেদন নেওয়া হবে না।
২ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১১ টার পর আর কোনো আবেদন নেওয়া হবে না।
ঢাকায় আমেরিকান সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিভি আবেদন নিবন্ধন করার জন্য শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা না করে আগ্রহীরা যেন আগেভাগেই আবেদন করেন। কারণ খুব বেশি চাহিদার জন্য শেষের দিকে ওয়েব সাইটে ঢোকা কঠিন হয়ে উঠতে পারে।
আবেদনপত্র পেতে যুক্তরাষ্ট্রের ওই ওয়েব সাইট ঠিকানার জন্য বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের ইংরেজি ওয়েব সাইট দেখুন। আমেরিকান সেন্টার আগামী ২৯ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে এই ডিভি লটারির ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবে। আবেদন করার সময় কেউ যাতে দালাল ও প্রতারক চক্রের খপ্পরে না পড়েন সে ব্যাপারে আলোকপাত করা হবে অনুষ্ঠানে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24