ঢাকা, সেপ্টেম্বর ২৭(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে তারা জামায়াত ও 'খন্ডিত বিএনপি'র সঙ্গে আলোচনা করবেন না। আগামী নির্বাচন যাতে অবাধ ও নিরপেক্ষ হয় সেজন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করেছে।
বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সঙ্গে সংলাপ শেষে এলডিপি মহাসচিব আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, "নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনার পরিকল্পনা নিয়েছি আমরা।"
তিনি বলেন, "আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব। তবে বিতর্কিত জামায়াত ও 'খন্ডিত বিএনপি'র সঙ্গে আলোচনা করব না।"
প্রায় দেড় ঘণ্টার সংলাপ শেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, "আগামী নির্বাচনে কালো টাকার ব্যবহার, সন্ত্রাস, দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা, ধর্ম ব্যবসায়ী ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিন্ন প্রস্তাব দেওয়ার বিষয়ে আমরা আলোচনা করেছি।"
রাজধানীর কেসি মেমোরিয়ালে ওই সংলাপে অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু নিজ নিজ দলকে নেতৃত্ব দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএসবি/এমএইচবি/২৩৫৫ ঘ.
bdnews24