ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে কোন সমঝোতা হয়নি। প্রতিবেশী দেশটি সমভাবে এ আন্তর্জাতিক নদীর পানি বণ্টনে রাজি না হওয়ায় দুদেশের মধ্যকার যৌথ নদী কমিশনের (জেআরসি) কারিগরি কমিটির বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
ধানমণ্ডির জেআরসি কার্যালয়ে বৃহস্পতিবার কারিগরি কমিটির দুদিনের বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান এবং জেআরসি সদস্য মীর সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, বৈঠকে তিস্তার পানি বণ্টনে ভারতের কাছ থেকে কোন প্রস্তাব আসেনি। মূলত বাংলাদেশের প্রস্তাব নিয়েই আলোচনা হয়েছে। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোন সাড়া পাওয়া যায়নি।
তিনি বলেন, "তিস্তার পানি সমভাবে বন্টনের ক্ষেত্রে আমরা ভারতকে তাদের গজল ডোবা অংশ থেকে হিস্যা বুঝে নিতে বলেছি। অন্যদিকে বাংলাদেশ বুঝে নেবে দুয়ারী ব্যারেজের ডালিয়া অংশ থেকে।"
তবে আলোচনার পথ এখনও বন্ধ হয়নি বলে মীর সাজ্জাদ জানিয়েছেন।
তিনি বলেন, "আলোচনার মাধ্যমেই দুপক্ষ একটি সন্তোষজনক সমাধানে আসতে পারবে বলে আমরা মনে করি।"
গত ত্রিশ বছর ধরে তিস্তার পানি বণ্টনের বিষয়টি অমীমাংসিত অবস্থায় রয়েছে।
এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টুয়েন্টিফোরকে ডটকমকে জানান, আগস্টের প্রথম সপ্তাহে দিল্লিতে যৌথ নদী কমিশনের সচিব পর্যায়ের বৈঠকে তিস্তার পানি সমান হারে বণ্টনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব রাখা হয়েছিল।
ওই প্রস্তাবে বলা হয়েছিল, নদীর প্রবাহ ঠিক রাখার জন্য ২০ শতাংশ পানি রেখে বাকি ৮০ শতাংশ দু'দেশের মধ্যে সমভাবে বণ্টন হবে। ভারতের পক্ষ থেকে এ বিষয়টি আরও খতিয়ে দেখার জন্য একটি কারিগরী কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়।
এর ধারাবাহিকতায় বুধ ও বৃহস্পতিবার- এ দুদিন যৌথ নদী কমিশনের কারিগরি কমিটির বৈঠক হল। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন মীর সাজ্জাদ হোসেন এবং ভারতের পক্ষে ছিলেন কমিশনের সদস্য এসপি কাকরান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএসবি/এসকে/১১১৩ঘ.
bdnews24