ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঈদ উপলক্ষে আগামী ৪ অক্টোবর থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি)। এবারের ঈদে দেশের বিভিন্ন রুটে বিআরটিসির ছয়শ বাস চলাচল করবে।
বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বিআরটিসির দুইশরও বেশি বাস ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে যাত্রী পরিবহন করবে। প্রতিবারের মতো বাংলাদেশ রেলওয়ে ঈদে চালু করবে বিশেষ ট্রেন। এ সময় আন্তঃনগর ট্রেনগুলো সাপ্তাহিক বন্ধের দিনেও চলাচল করবে।
বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্ত:মন্ত্রণালয় সভা শেষে যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন। কোনো পরিবারের বেশি টিকেটের প্রয়োজন হলে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে সর্বোচ্চ আটটি পর্যন্ত টিকেট নেওয়া যাবে।
তিনি আরও বলেন, "রেলওয়ে স্টেশন, বাস ও নৌ টার্মিনালে টিকেটের দাম ও খালি আসন সম্পর্কে যাত্রীদের জানাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। টিকেটের দাম অন্যায়ভাবে বাড়ানো হলে ও কালোবাজারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।"
মাহবুবুর রহমান জানান, ঈদের আগে ঘরমুখী মানুষের কাছ থেকে বেশি ভাড়া আদায় ঠেকাতে ৩০টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্টেশন ও টার্মিনালে কাজ করবে।
এছাড়া নৌ-ঘাটগুলোতে অতিরিক্ত ফেরি চালু করা হবে বলে জানান তিনি।
যোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌ-পরিবহণ মন্ত্রণালয়, বিআরটিএ, বিআরটিসি ও রেলওয়েসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরা বৃহস্পতিবারের সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/জেকে/২০২১ ঘ.
bdnews24