২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফৌজদারি কার্যবিধির সংশোধনী ১ নভেম্বর কার্যকরের পরামর্শ

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণ প্রক্রিয়া শেষ করার জন্য ফৌজদারি কার্যবিধির সংশোধনী ১ নভেম্বর থেকে কার্যকর করতে সরকারকে পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই সংশোধনীর মাধ্যমে ম্যাজিস্ট্রেটরা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে ন্যস্ত হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 02:17 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণ প্রক্রিয়া শেষ করার জন্য ফৌজদারি কার্যবিধির সংশোধনী ১ নভেম্বর থেকে কার্যকর করতে সরকারকে পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই সংশোধনীর মাধ্যমে ম্যাজিস্ট্রেটরা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে ন্যস্ত হবেন। বৃহস্পতিবার ফৌজদারি কার্যবিধির এই সংশোধনী কার্যকর করার ব্যাপারে প্রধান বিচারপতি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের মতামত নেওয়ার জন্য ফুল কোর্ট বৈঠক করেন। এ বৈঠকের পরামর্শ অনুসারে আগামী ১ নভেম্বর থেকে সংশোধিত ফৌজদারি কার্যবিধি কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৈঠক শেষ হওয়ার পর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিচার বিভাগ পৃথককরণে ফৌজদারি কার্যবিধির সংশোধনী আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। এর ফলে এই তারিখের পর যেসব ম্যাজিস্ট্রেট বিচার বিভাগীয় কাজ করবেন তারা সরাসরি জেলা ও দায়রা জজের অধীনে চলে যাবেন। জেলা ম্যাজিস্টেটের অধীনে থাকবেন না। আগে এসব ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে ছিলেন।" বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে গত ১১ ফেব্র"য়ারি ফৌজদারি কার্যবিধির প্রথম সংশোধনী পাশ করে সরকার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে এই সংশোধনীর কিছু পরিবর্তন করে ১০ এপ্রিল সরকার দ্বিতীয় সংশোধনী প্রণয়ন করে। আপিল বিভাগ এরপর গত ১৮ সেপ্টেম্বর বিচার বিভাগ আলাদা করার অবশিষ্ট প্রক্রিয়া শেষ করতে ৩১ অক্টোবর পর্যন্ত সরকারকে সময় দেয়। ৬৫৫ জন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের মধ্যে যে ৪৩১ জন ম্যাজিস্ট্রেটের নির্দিষ্ট আদালত কক্ষ নেই, ২৮ অক্টোবরের মধ্যে তাদের সেই ব্যবস্থা করতে পূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। বিচার বিভাগকে পৃথককরণের বাকী এই প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২৯ অক্টোবরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতেও সরকারকে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে আগামী ৩১ অক্টোবর পরবর্তী আদেশ দেবে সুপ্রিম কোর্ট। ১৯৯৯ সালে মাযদার হোসেন মামলার রায়ে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারকে ১২ দফা নির্দেশনা দেন। এরপর বিভিন্ন সরকার এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য ২৭ বার সময় নিলেও রায় কার্যকর করেনি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর ১৬ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে বিচার বিভাগ পৃথককরণের রায় বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএসবি/এমএইচবি/২০০৯ ঘ.