২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে অপহৃত কর্মীর উদ্ধারে এখনো আশাবাদী ব্র্যাক

অপহরণের ২০ দিন পরও ব্য্রাক কর্মকর্তা নুরুল ইসলামকে উদ্ধার করতে পারেনি আফগান পুলিশ। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে ঢাকায় বেসরকারি সংস্থাটির কার্যালয় জানিয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 11:57 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অপহরণের ২০ দিন পরও ব্য্রাক কর্মকর্তা নুরুল ইসলামকে উদ্ধার করতে পারেনি আফগান পুলিশ। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে ঢাকায় বেসরকারি সংস্থাটির কার্যালয় জানিয়েছে । ব্র্যাকের জনসংযোগ বিভাগের পরিচালক এম আনোয়ারুল হক বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্ধার কাজ চলছে। আমরা সার্বক্ষণিকভাবে আফগান সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। আফগান পুলিশ সর্বাত্মক চেষ্টা করছেন অপহৃত নুরুল ইসলামকে দ্রুত মুক্ত করে আনতে। আমরা আশাবাদী শিগগিরই এই উদ্ধার অভিযান সফল হবে।'' এক প্রশ্নের জবাবে এম আনোয়ারুল হক জানান, ২০০২ সালে থেকে ব্র্যাক আফগানিস্তানের ক্ষুদ্র ঋণ,স্বাস্থ্য, সেচ ও পরিবেশ প্রভৃতি ক্ষেত্রে সাফল্য ও সুনামের সঙ্গে কাজ করে আসছে। তিনি বলেন, "এ কারণে আমরা আফগান জনগণ, সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছ থেকে অপহৃত কর্মকর্তাকে উদ্ধারে সর্বাত্মক সহযোগিতা আশা করছি।'' আনোয়ারুল হক আরও জানান, নুরুল ইসলামের স্ত্রী আনোয়ারা পারভীনের সঙ্গে তার বৃহস্পতিবার সকালে কথা হয়েছে। তিনি তার স্বামী মুক্ত হওয়ার ব্যাপারে আশাবাদী। আনোয়ারুল হক জানান পারভীন বলেছেন, ''আফগানিস্তানে আমার স্বামী বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল ও আফগান জনগণের উন্নয়নের জন্য কাজ করতে গিয়েছেন। তাই আমি বিশ্বাস করি আমার স্বামীর কেউ কোনো ক্ষতি করবে না।'' নুরুল ইসলামের উদ্ধার প্রচেষ্টা তদারকি করতে ঢাকা থেকে ব্র্যাকের প্রোগ্রাম অফিসার জালাল উদ্দিন আহমেদ বর্তমানে কাবুল অবস্থান করছেন। গত ৮ সেপ্টেম্বর ব্র্যাক কর্মকর্তা নুরুল ইসলামকে তার লোগার প্রদেশের কার্যালয় থেকে অপহরণ করা হয়। এ সময় বন্দুকধারীরা ৩০ হাজার আফগান মুদ্রাও লুট করে। এর পরদিন থেকে আফগানিস্তানে বিশেষ অভিযান শুরু হয়। এ পর্যন্ত অপহরণ ঘটনায় জড়িত সন্দেহে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের ভেতর এক জন ব্র্যাক কার্যালয়ের প্রহরী ও বাকি দুজন পার্শ্ববর্তী এলাকার অধিবাসী। তালিবান কর্মকর্তারা ব্র্যাক কর্মী অপহরণ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/এসএম/এসকে/১৭৩৬ঘ.