ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সম্পদের সঠিক হিসাব দাখিল না করায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন ও সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনির বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুমতি দিয়েছে আদালত।
বৃহস্পতিবার মহানগর হাকিম মো.মিজানুর রহমান উভয় মামলার অভিযুক্তদের জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেন।
গত মে মাসে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সৈয়দ তাহসিনুল হক মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেন। বর্তমানে তিনি নরসিংদী কারাগারে আটক রয়েছেন।
অন্যদিকে, ঢাকা কারাগারে আটক ওসমান গনিকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানান দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম এম আকতার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১৭০৩ঘ.
bdnews24