ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া ও তার স্ত্রী নসিমা হকের অস্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক এ আদেশ দেন। আগামী ৩ অক্টোবরের মধ্যে সম্পত্তি জব্দের প্রতিবেদন আদালতে দাখিলের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার ফারজানা সুলতানা সোয়া পাঁচ কোটি টাকার সম্পদের উপর আয়কর না দেওয়ার অভিযোগে একটি মামলা করেন। অন্যদিকে, ৪৪ লাখ ৮৫ হাজার ৯৭৩ টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন সহকারী কর কমিশনার পঙ্কজ লাল সরকার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসএনডি/১৬১৪ ঘ.
bdnews24