ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান, তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে বুধবার দায়ের করা দুর্নীতি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ অক্টোবর ধার্য করেছেন আদালত।
ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের হাকিম মো. মিজানুর রহমান বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপ পরিচালক জহুরুল হুদা এ সময় আদালতের কাছে তারেক রহমান বা তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার আবেদন করেননি।
খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান, তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে দুদকের উপ পরিচালক জহুরুল হুদা গত বুধবার দুপুরে কাফরুল থানায় মামলাটি দায়ের করেন।
এতে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে প্রায় চার কোটি ৮২ লাখ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন এবং প্রায় চার কোটি ২৩ লাখ টাকার আয় বহির্ভূত সম্পদের হিসাব গোপন করার অভিযোগ আনা হয়েছে।
গত ১০ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে তারেক রহমান সম্পদের হিসাব বিবরণী দুর্নীতি দমন কমিশনে জমা দেন। সেখানে এক কোটি ৩৭ লাখ ১৫ হাজার টাকার হিসাব দেওয়া হয়েছিল।
পরে দুদকের উপ পরিচালক জহুরুল হুদা তারেক রহমানের সম্পত্তির হিসাব অনুসন্ধান করে ২৫ জুলাই কমিশনে প্রতিবেদন জমা দেন।
বুধবার মামলা দায়েরের পর জহুরুল হুদা সাংবাদিকদের জানান, তদন্তে তারেকের স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে ৩৫ লাখ টাকার স্থায়ী আমানত ছাড়াও আরও সম্পদের খোঁজ পাওয়া গেছে।
তারেকের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুকে গ্রেপ্তার করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "মামলাটি দায়ের হল। এরপর নিয়োগ হবে তদন্ত কর্মকর্তা। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হবে।"
গত ৭ মার্চ তারেক রহমানকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসভবন থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এরপর ৩০ মে দুর্নীতি দমন কমিশন তারেককে সম্পত্তির হিসাব জমা দেওয়ার নোটিশ পাঠায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এসএনডি/১৬০২ ঘ.
bdnews24