২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আইন প্রণয়নের দাবি

গৃহশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট আইন প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি বলে জানালেন বক্তারা। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত 'গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্তি' শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এই দাবি জানান। সভাপতির বক্তব্যে শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক মানবাধিকার নেত্রী হামিদা হোসেন বলেন, গৃহশ্রমের পুরো বিষয়টি চার দেওয়ালের ভেতরে হয় বলে অভিযোগগুলো বাইরে আসতে পারে না। তাই গৃহশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 01:28 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-গৃহশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট আইন প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি বলে জানালেন বক্তারা। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত 'গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্তি' শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এই দাবি জানান। সভাপতির বক্তব্যে শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক মানবাধিকার নেত্রী হামিদা হোসেন বলেন, গৃহশ্রমের পুরো বিষয়টি চার দেওয়ালের ভেতরে হয় বলে অভিযোগগুলো বাইরে আসতে পারে না। তাই গৃহশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, গৃহশ্রমে নিয়োজিতরা কয় ঘণ্টা ও কী ধরনের কাজ করেন তা পর্যবেক্ষণ করা এবং তাদের নিবন্ধন করা জরুরি। জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসাইন গৃহ শ্রমিকদের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, দেশের বেশিরভাগ শ্রমিকই গৃহ শ্রমিক ও কৃষি শ্রমিক। অথচ শ্রম আইনে তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। গৃহশ্রমিকদের জন্য আলাদা আইন প্রয়োজন। বৈঠকের সঞ্চালক কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতার বলেন, গৃহ শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য স্থানীয় সরকারের ওপর গুরুত্বারোপ জরুরি। জাতীয় শ্রমিক লীগ মহিলা কমিটির সাধারণ সম্পাদক শামসুন্নাহার বলেন, যখন কাউকে 'কাজের লোক/মানুষ' বলে পরিচয় করিয়ে দেওয়া হয় তখন সে অপমানিত বোধ করে। এটা বদলে তাদেরকে 'বাসায় চাকরি করে' এমনভাবে পরিচয় করিয়ে দেওয়া যায়। বক্তারা বলেন, গৃহশ্রমিকরা নির্যাতনের শিকার হলে তাদের আইনি সহায়তা দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে, সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাগুলো (এনজিও) এগিয়ে আসতে পারে। গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, মানবাধিকার শুরু হয় বাড়ি থেকে। নিজ নিজ বাড়িতে নিয়োজিত গৃহশ্রমিকদের সঙ্গে ভাল ব্যবহারের মাধ্যমেই একটি সামাজিক আন্দোলন শুরু করা প্রয়োজন। মানবিক দৃষ্টিকোণ থেকেই তাদেরকে উৎসব ভাতা ও নিয়মিত ছুটি দেওয়ার রীতি চালু করা দরকার। গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদ, গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রীনা রায়, সিটিজেন রাইটস মুভমেন্ট এর মহাসচিব তুষার রেহমান, শ্রমিক নেতা আব্দুল কাদের হাওলাদার, শিশু অধিকার ফোরামের মহিউদ্দিন আহমেদ, জাতিসংঘ শিশু তহবিলের এডুকেশন অফিসার গোলাম কিবরিয়া প্রমুখ। আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)সহ কয়েকটি সংগঠনের নেটওয়ার্ক ' গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক' এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এমএআর/এমএ/১৯১৯ঘ.