ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুওয়েন্টিফোর ডটকম)- বিমানবন্দর সড়কে মঙ্গলবার রাতে উদ্ধার করা লাশের পরিচয় পেয়েছে পুলিশ। তার নাম রাহত করিম মুকুল। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
গুলশান থানার উপ পুলিশ পরিদর্শক মইনুল জাকির বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাহাত করিম মুকুল (৩২) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। মধ্যরাতে হাসপাতালে গিয়ে তার আত্মীয়স্বজন লাশ সনাক্ত করে।
তিনি বলেন, হত্যার কারণ জানা যায়নি। পরিবারের লোকজন কাউকে সন্দেহ করার কথাও বলেননি।
মুকুলের পরিবারের লোকজনের বরাত দিয়ে মইনুল জাকির জানান, মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য ধানমন্ডির নায়েম রোডের বাসা থেকে বের হন মুকুল। এরপর বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। মঙ্গলবার মধ্যরাতে হাসপাতালের মর্গে গিয়ে লাশ সনাক্ত করে তারা।
পুলিশ কর্মকর্তা মইনুল জাকির বলেন, মুকুলের পরিবার এ ব্যাপারে কাউকে সন্দেহ না করলেও পুলিশের পক্ষ থেকে তদন্ত চালিয়ে যাওয়া হবে। মুকুলের সঙ্গে আগে কারো শত্র"তা ছিলো কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি পেশাদার ছিনতাইকারিরা এ ঘটনায় জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে।
লাশটি উদ্ধারের পর মঙ্গলবার রাতে গুলশান থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, চেক শার্ট ও জিন্সের প্যান্ট পরা এই ব্যক্তির মুখমন্ডলে কিলঘুষির চিহ্ন রয়েছে। এ ছাড়া প্রাথমিকভাবে চোখে মুখে মলমের কিছু আলামতও পাওয়া গেছে।
মুকুলের বাবা দেওয়ান আব্দুল মতিন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী। দুই ভাইয়ের মধ্যে মুকুল ছোট। তিনি বিবাহিত তবে কোনো সন্তান নেই। বড়ভাই টুটুল কানাডায় লেখাপড়া করেন।
মুকুলের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব থানার পশ্চিম বাইশপুর গ্রামে।
বুধবার বিকেলে এ ব্যাপারে গুলশান থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।
বিডিনিউজ টুওয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/০২২৪ ঘ.
bdnews24