নাটোর, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি দলীয় সাবেক সাংসদ ফজলুর রহমান পটলের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
পটলসহ ১৮ জনের বিরুদ্ধে বুধবার নাটোর ১ নম্বর আমলি আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয় বলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানিয়েছেন।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পারভেজ কবীর দোদুলকে হত্যা চেষ্টার অভিযোগে তার ভাই আব্দুল হালিম বাদি হয়ে গত ২৬ এপ্রিল আদালতে মামলাটি দায়ের করেন।
ওসি আব্দুল হামিদ মামলাটি তদন্ত করে দুই মাস আগে অভিযোগপত্র দাখিল করলে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার পুনরায় অভিযোগপত্র দাখিল করা হয়।
সাবেক প্রতিমন্ত্রী ছাড়া অভিযোগপত্রভুক্ত অপর আসামিরা হলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য তাইফুল ইসলাম টিপু, লালপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজিউর রহমান বাবু, যুবদল কর্মী বুদ্দ, এমদাদ, নজরুল ইসলাম, ইসমাইল ভাণ্ডারি, লুৎফর রহমান, সিদ্দিক, টোকাই জাহাঙ্গীর, রেগান, জামাল, হায়দার আলী, হালিম, উজ্জল, মোশারফ হোসেন, আব্দুল খালেক ও কামাল।
মামলার এজাহারে বলা হয়, ২০০৫ সালের ১ অক্টোবর দুপুরে পারভেজ কবীর দোদুল সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য লালপুরের মহরকয়া গ্রামে জনসংযোগ করার সময় তার ওপর হামলা হয়। দোদুলকে হত্যার জন্য তৎকালীন প্রতিমন্ত্রী পটল মোবাইলে অন্য আসামিদের নির্দেশ দেন। সে নির্দেশ পেয়ে তাইফুল ইসলাম টিপুসহ অন্য আসামিরা বাদির ভাই দোদুলকে বেদম মারপিট করে এবং তার মোটর সাইকেল বহরের কয়েকটি ভাংচুর করে এবং একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
ফজলুর রহমান পটলকে গত ২৯ মে যৌথবাহিনী ঢাকায় গ্রেপ্তার করে। তিনি এখন কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৮ ঘ.
bdnews24