২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ভোটার তালিকার কাজ অক্টোবরে শুরু

ঢাকায় ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরি প্রকল্পের কাজ আগামী অক্টোবরে শুরু হবে। প্রথম পর্যায়ে উত্তরখান, কামরাঙ্গীরচর ও ও দনিয়া এলাকায় এ কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মুহাম্মদ হুমায়ুন কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 10:22 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরি প্রকল্পের কাজ আগামী অক্টোবরে শুরু হবে। প্রথম পর্যায়ে উত্তরখান, কামরাঙ্গীরচর ও ও দনিয়া এলাকায় এ কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মুহাম্মদ হুমায়ুন কবির। বুধবার বিকালে নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির বলেন, "আগামী মাসের শেষ সপ্তাহে উত্তরখান, কামরাঙ্গীরচর ও দনিয়া- এ তিনটি ইউনিয়নে ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু হবে।" নির্বাচন কমিশন সচিব জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মাধ্যমে আট হাজার ল্যাপটপসহ ভোটার তালিকা তৈরির আনুষঙ্গিক যন্ত্রপাতি কেনা হচ্ছে। বিভিন্ন উন্নয়ন সহযোগী গোষ্ঠী এ টাকার যোগান দিচ্ছে। ৩১ অক্টোবরের মধ্যে এসব সরঞ্জাম পাওয়ার পর কমিশন নভেম্বরে দেশজুড়ে ভোটার তালিকা তৈরির কাজ শুরু করবে বলে হুমায়ুন কবির জানান। এখন ৩০টি জেলায় ভোটার তালিকা তৈরির কাজ চলছে। জাতীয় পরিচয়পত্রের প্রসঙ্গে সচিব জানান, ছবিসহ ভোটার তালিকা হচ্ছে বলে ভোটার পরিচয়পত্রের দরকার হচ্ছে না। ভোটার তালিকা তৈরির সময়ই আরো কিছু বাড়তি তথ্য যোগ করে ভোটারদের দেওয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র। এ সংক্রান্ত অধ্যাদেশ জারির পর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ভোটাররা নাগরিক সুবিধা পাবেন বলে হুমায়ুন কবির জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমআই/১৬২৪ ঘ.