ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিথ্যা ও মানহানিকর খবর প্রকাশের অভিযোগ এনে দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকার জেলা ও দায়রা জজ এ কে এম ইশতিয়াক হুসাইন।
মহানগর হাকিম মুহাম্মদ সালেহ উদ্দিন বুধবার মামলা গ্রহণ করে নওরোজ সম্পাদক শামসুল হক দুররানী, নির্বাহী সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়, দৈনিক নওরোজ পত্রিকায় গত ২০ ও ২৩ সেপ্টেম্বর বাদীকে জড়িয়ে 'খুলনায় ব্যাপক দুর্নীতি ও নারী কেলেংকারির বিষয়ে ৫৭ জন আইনজীবীর লিখিত অভিযোগ' এবং 'সরকারি কাগজ ও দ্রব্যাদি বিক্রি করে টাকা আত্মসাত' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদন দুটিকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বলে দাবি করা হয় মামলার আরজিতে।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট দেলওয়ার হোসেন, মো. হুমায়ুন পাঠান, শাহ ইলিয়াস রতন প্রমুখ। আগামী ১৮ অক্টোবর পরবর্তী শুনানির তারিখ দিয়েছেন বিচারক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএ/১৫১২ঘ.
bdnews24