২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচকে অগ্রগতি হলেও দুর্নীতি একই আছে বাংলাদেশে

বার্লিন ভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় এবছর বাংলাদেশ অবস্থান সপ্তম। ১০ পয়েন্টের এই সূচকে বাংলাদেশের স্কোর দুই। গত বছর একই স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 10:16 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বার্লিন ভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় এবছর বাংলাদেশ অবস্থান সপ্তম। ১০ পয়েন্টের এই সূচকে বাংলাদেশের স্কোর দুই। গত বছর একই স্কোর নিয়ে অবস্থান ছিল তৃতীয়। স্কোরের বিষয়টি বিবেচনা করে সংস্থাটির বাংলাদেশ চ্যাপ্টার টিআইবি বলেছে, গত বছরের তুলনায় বাংলাদেশে দুর্নীতি পরিস্থিতি বিশেষ বদলায়নি, কেবল অবস্থানের পরিবর্তন হয়েছে। আগের বছরে তুলনায় স্কোরে অবনমন ঘটেছে ১০টি দেশের। সেই হিসেবে বাংলাদশের স্কোর একই থাকার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে টিআইবি। টিআই এর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবছর শীর্ষে আছে বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার ও আফ্রিকার সোমালিয়া। বুধবার ঢাকা, বার্লিন ও লন্ডন থেকে একযোগে ২০০৭ সালের সিপিআই সূচক প্রকাশ করে টিআই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সূচক তৈরির ক্ষেত্রে ২০০৬ ও ২০০৭ সালের জুলাই পর্যন্ত তথ্য ও উপাত্ত ব্যবহার করা হয়েছে। (আরও তথ্যসহ-১) সংবাদ সম্মেলনে টিআই প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। টিআইবির ট্রাস্ট্রি বোর্ডের কোষাধ্যক্ষ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকরের উপদেষ্টা এম হাফিজউদ্দিন এতে উপস্থিত ছিলেন। এবছর বাংলাদেশের সমান স্কোর (দুই) করে যৌথভাবে সপ্তম অবস্থানে রয়েছে কম্বোডিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, পাপুয়া নিউগিনি, তুর্কমেনিস্তান ও ভেনিজুয়েলা। টিআইবি চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদ এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, "অবস্থানের চেয়ে স্কোরটা গুরুত্বপূর্ণ। যেহেতু গত বছরও একই স্কোর ছিল, সেই বিবেচনায় বলা চলে বাংলাদেশে দুর্নীতির অবস্থা আগের মতোই আছে।" দুর্নীতির সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাক, তৃতীয় হাইতি। ২০০৭ এর টিআই সূচক অনুযায়ী, বিশ্বে সবচেয়ে কম দুর্নীতির দেশ ডেনমার্ক। তাদের স্কোর ৯.৪। পরের দুটি অবস্থানে রয়েছে ফিনল্যান্ড, নিউজিল্যান্ড। যৌথভাবে চতুর্থ অবস্থানে রয়েছে সুইডেন ও সিঙ্গাপুর। এ বছরের সূচকে ১৮০টি দেশের মধ্যে ৭৮ টিরই স্কোর ৩ এর নিচে। স্কোরের বিবেচনায় বাংলাদেশের অবস্থান ১৬২তম। দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের অবস্থান সবচেয়ে নিচে। এই তালিকায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে ৩.৫ স্কোর নিয়ে ভারত ৭২তম, ৩.৩ স্কোর নিয়ে মালদ্বীপ ৮৪তম, ৩.২ স্কোর নিয়ে শ্রীলংকা ৯৪তম, ২.৫ স্কোর নিয়ে নেপাল ১৩১তম, ২.৪ স্কোর নিয়ে পাকিস্তান ১৩৮তম অবস্থানে রয়েছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভুটানের অবস্থা সবচেয়ে ভালো। দেশটির স্কোর ৫, সূচকে অবস্থান ৪৬। এই হিসেবে ভুটান এ অঞ্চলের সবচেয়ে কম দুর্নীতির দেশ। সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষ থেকে বলা হয়, এই সূচক তৈরিতে ২০০৬ ও ২০০৭ সালের জুলাই পর্যন্ত তথ্য ব্যবহার করা হয়েছে। ২০০৬ সালের তথ্যের প্রাধান্য থাকায় বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অভিযান ও প্রশাসনিক সংস্কারের প্রতিফলন এই সূচকে খুব একটা পড়েনি। ২০০৮ ও পরবর্তী সময়ে এসব সংস্কার কার্যক্রমের প্রভাব থাকবে বলে ধারণা করছে টিআইবি। সম্মেলনে জানানো হয়, সূচক তৈরির ক্ষেত্রে ১০টি আর্ন্তজাতিক প্রতিষ্ঠানের ১৪টি জরিপ ফলাফলের সহায়তা নিয়েছে টিআই। তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে ৭টি প্রতিষ্ঠনের জরিপ ফলাফল ও পরিসংখ্যান। এর মধ্যে বিশ্বব্যংকের 'কান্ট্রি পলিসি অ্যাণ্ড ইনস্টিটিউশনাল অ্যাসেসমেন্ট ২০০৬-০৭, ইকনোমিক ইন্টেলিজেন্স ইউনিটের 'কান্ট্রি রিস্ক সার্ভিস অ্যান্ড কান্ট্রি ফোরকাস্ট ২০০৭' জরিপও রয়েছে। একটি দেশে দুর্নীতি ও ঘুষ লেনদেনের ধরন, স্বার্থের দ্বন্দ্ব ও তহবিল তসরুপ, ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে ক্ষমতার অপব্যবহার, বিচার বিভাগসহ সরকারি কাজে নিয়ম বহির্ভুতভাবে অর্থ আদায় সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করেছে টিআই। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, "উন্নয়নশীল দেশগুলোতেই দুর্নীতির মাত্রা বেশি। এর পেছনে উন্নত দেশেরও ভূমিকা রয়েছে। দুর্নীতি একটি আর্ন্তজাতিক সমস্যা। সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।" আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "১.২ স্কোর থেকে ২ এ আসতে বাংলাদেশের সময় লেগেছে ১০ বছর। স্কোর ৩ এর উপরে গেলে তবেই বলা যাবে এদেশে দুর্নীতি কমেছে।" ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত পর পর পাঁচবার বাংলাদেশ ছিল সিপিআই সূচকের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ। গত বছর বাংলাদেশ তালিকার তৃতীয় অবস্থানে চলে আসে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমআরএফ/জেকে/এমএ/১৯২৭ ঘ.