চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর হালিশহর থানার মধ্যম রামপুরে বুধবার একটি আবাসিক ভবনের সীমানা প্রাচীর ধসে দুই শিশু মারা গেছে।
নিহতদের নাম পান্না (১০) ও সোহেল (৮)। পান্না মধ্য রামপুর বস্তির সিএনজি অটো রিকশা চালক মো. মালেকের মেয়ে। সোহেল একই এলাকার রিকশা চালক সেলিম মিয়ার ছেলে।
হালিশহর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে মধ্যম রামপুরের মো. জাকির আহমেদের বাসার সীমানা প্রাচীর হঠাৎ ধসে পড়ে। ওই সময় দেয়ালের পাশে খেলতে থাকা পান্না ও সোহেল এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, "দীর্ঘদিনের পুরানো এ দেয়ালটি জরাজীর্ণ অবস্থায় ছিল।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫৩৭ ঘ.
bdnews24