২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পান্থপথের মর্নিং পোস্ট টাওয়ার ভাঙার কাজ শুরু

অনুমতি ছাড়া অতিরিক্ত চার তলা নির্মাণের অভিযোগে রাজধানীর পান্থপথে মঙ্গলবার বহুতল ভবন মর্নিং পোস্ট টাওয়ার ভাঙার কাজ শুরু করেছে রাজউক। এর আগে ২০০৩ সালে ১৬ তলা বিশিষ্ট ভবনটির নকশা বাতিল করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 04:20 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অনুমতি ছাড়া অতিরিক্ত চার তলা নির্মাণের অভিযোগে রাজধানীর পান্থপথে মঙ্গলবার বহুতল ভবন মর্নিং পোস্ট টাওয়ার ভাঙার কাজ শুরু করেছে রাজউক। এর আগে ২০০৩ সালে ১৬ তলা বিশিষ্ট ভবনটির নকশা বাতিল করা হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর কর্মকর্তারা জানান, নকশা না মেনে আরো চারটি তলা নির্মাণ করায় পান্থপথের এফডিসি গেট সংলগ্ন মর্নিং পোস্ট টাওয়ারের নকশা ২০০৩ সালে বাতিল করা হয়। এরপরও ভবনের মালিক নির্মাণকাজ চালিয়ে যান এবং প্রথম পাঁচ তলা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেন। মঙ্গলবার সকালে রাজউকের ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীরের নেতৃত্বে ৫০ জনেরও বেশি শ্রমিক ও কর্মকর্তা ভবনটি ভাঙার কাজ শুরু করেন। এই কাজে বুলডোজার এবং বিদ্যুতচালিত হ্যামার ব্যবহার করা হয়। ম্যাজিস্ট্রেট ইমদাদুদ দস্তগীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভবনটি পর্যায়ক্রমে পুরোটাই ভেঙে ফেলা হবে। প্রথম দিন ভবনের প্রথম ও দ্বিতীয় তলার বিভিন্ন দেয়াল ভাঙা হয়েছে। এর আগে ওই দুটি তলায় অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় সরিয়ে নেওয়া হয়। রাজউকের ধানমন্ডি অঞ্চলের তত্ত্বাবধায়ক কর্মকর্তা শামসুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এফডিসি গেটের পাশের ২৯/বি ব্লকের এই ভবনটির মালিক মো. আবুল বাশার নামের এক ব্যক্তি। ভবনটি নির্মাণ করেছে গৃহনির্মাণ প্রতিষ্ঠান 'হোমবিল্ডার্স'। এই কর্মকর্তা জানান, রাজউক অনুমোদিত নকশায় ১২ তলা পর্যন্ত নির্মাণের অনুমতি ছিল। কিন্তু ভবন মালিক সে নকশা অমান্য করে অতিরিক্ত চার তলা নির্মাণ করেছেন। এছাড়া ভবনটির বিভিন্ন ফ্লোরও নকশার সঙ্গে মেলে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএসবি/২২১১ ঘ.