২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মানবাধিকার লঙ্ঘনের' বিষয়ে ব্যাখ্যা চেয়েছে ইইউ

বাংলাদেশের কিছু ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হওয়ার অভিযোগ সম্পর্কে সরকারের কাছ থেকে ব্যাখ্যা আহ্বান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে বলে প্রধান উপদেষ্টার দাবির বিষয়েও তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের সুশাসন ও মানবাধিকার ক্ষেত্রে ১৩ কোটি ইউরো ব্যয় করবে। ঢাকা শেরাটন হোটেলে মঙ্গলবার 'ইউ মানবাধিকার নীতিমালা' বিষয়ক এক গোলটেবিল বৈঠকে বাংলাদেশে ইইউ প্রেসিডেন্ট ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বি এম টেন টুশ্যা একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 03:33 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কিছু ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হওয়ার অভিযোগ সম্পর্কে সরকারের কাছ থেকে ব্যাখ্যা আহ্বান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে বলে প্রধান উপদেষ্টার দাবির বিষয়েও তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের সুশাসন ও মানবাধিকার ক্ষেত্রে ১৩ কোটি ইউরো ব্যয় করবে। ঢাকা শেরাটন হোটেলে মঙ্গলবার 'ইউ মানবাধিকার নীতিমালা' বিষয়ক এক গোলটেবিল বৈঠকে বাংলাদেশে ইইউ প্রেসিডেন্ট ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বি এম টেন টুশ্যা একথা জানান। বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে আয়োজিত এ গোলটেবিল বৈঠকে আইনজীবী, মানবাধিকার কর্মী ও বেসরকারি সাহায্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইইউ প্রেসিডেন্ট বলেন, "পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে আমাদের আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। আমরা অবশ্যই তার দাবি যাচাই করব। এটা আমাদের দায়িত্ব। কিছু ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আমাদের নজরে এসেছে। এ সম্পর্কে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছি আমরা। তাদের দেওয়া কয়েকটি ব্যাখ্যা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।" ইউরোপীয় কমিশন প্রতিনিধি দলের প্রধান স্টেফান ফ্রয়েন বলেন, "২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত সুশাসন ও মানবাধিকার বিষয়ে বাংলাদেশে ১৩ কোটি ইউরো ব্যয়ের পরিকল্পনা করেছে ইইউ।" এ ধরনের বৈঠকের যৌক্তিকতা নিয়ে ফ্রয়েন বলেন, "আমার মতে এটি যৌক্তিক..... আপনাদের দেশে আমরা যে অর্থ ব্যয় করি তা ইউরোপের জনগণের দেওয়া কর থেকে আসে। তাই কোন ধরনের দেশে এ অর্থ ব্যয় হচ্ছে তা জানার অধিকার তাদের আছে। তারা চায় এ ব্যাপারে আপনাদের সঙ্গে যেন আমরা আলোচনা করি।" নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, "দেশের অভ্যন্তরে মানবাধিকার রক্ষার বিষয়টি অনেক দেশের জন্যই চ্যালেঞ্জ। আমার মনে হয় না এক্ষেত্রে বাংলাদেশকে আলাদা করে দেখার উপায় আছে।" বৈঠকে আরও বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, জার্মানির রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেইকি, অ্যাডভোকেট শাহদিন মালিক ও অ্যাডভোকেট সারা হোসেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/এমএ/২১২৭ ঘ.