ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সুপ্রিম কোর্ট থেকে জালিয়াতির মাধ্যমে জামিন নেওয়ার আরও একটি ঘটনা ধরা পড়েছে। এই ঘটনায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্টার আবদুর রাজ্জাক দেওয়ান এক আইনজীবীসহ চার জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন।
এ নিয়ে সুপ্রিম কোর্টে জামিন জালিয়াতির পাঁচটি ঘটনা উদঘাটিত হল। এসব ঘটনায় এ পর্যন্ত চারটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে জালিয়াত চক্রের তিন সদস্যকে। একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বার কাউন্সিলে অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রারের করা মামলার চার আসামি হলেন অ্যাডভোকেট শেখ আবদুল হক, তদবিরকার মো. আলী, দণ্ডিত আসামি সিরাজ মিয়া ও মো. হান্নান হান্নু।
এদের মধ্যে মো. হান্নান সোমবার অপর একটি মামলায় ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগে বলা হয়, অস্ত্র মামলায় আসামি সিরাজ মিয়া ও মো. হান্নান হান্নানকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ১৭ বছরের কারাদণ্ড প্রদান করে। এই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন (নং- ১৭০৫/০৫) । আপিলটি হাইকোর্টে বিচারাধীন। তারা হাইকোর্টে জমিন পাননি।
কিন্তু এই আপিলের কথা গোপন রেখে অ্যাডভোকেট শেখ আবদুল হক ওই দুই আসামির পক্ষে আরেকটি আপিল করে হাইকোর্টে (নং- ১০৭৮৬/০৬)। নতুন এই আপিলে মামলার এজাহার, ধারা, দণ্ড ও রায় জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে আসামিদের জামিন আদায় করা হয়।
অভিযোগে বলা হয়, নতুন আপিলে জাল কাগজপত্রের মাধ্যমে ওই দুই আসামির বিরুদ্ধে মামলা অস্ত্র আইনের বদলে বিশেষ ক্ষমতা আইনের ধারায় দেখিয়ে তাদের সাজা মাত্র ৫ বছর হয়েছে বলে জানানো হয়। এই প্রতারণার মাধ্যমে গতবছর ২৩ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ থেকে ওই দুই আসামির জামিন আদায় করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২০০৯ ঘ.
bdnews24