শেরপুর, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক রুবেলের বিরুদ্ধে মঙ্গলবার আরেকটি মামলা হয়েছে।
ত্রাণের টিন বিতরণে অনিয়মের অভিযোগ এনে মঙ্গলবার শ্রীবরদী থানার উপ-পরিদর্শক উসমান গনি বাদি হয়ে এ মামলাটি করেন। একই দিন সাবেক এ সাংসদের বিরুদ্ধে জাল দলিল তৈরি করে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে দায়ের হওয়া অপর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
মঙ্গলবার সদর থানায় দায়ের করা মামলার এজাহারে অভিযোগ করা হয়, ত্রাণের জন্য বরাদ্দ ৬ বান্ডিল টিন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রকৃত প্রাপককে না দিয়ে ২০০৫ সালের ২১ এপ্রিল শ্রীবরদী উপজেলার ভারেয়া দশতারা সমিতি এবং গোসাইপুর সেরাজুল হক স্মৃতি সংসদকে দেন।
এ মামলায় সাবেক সাংসদসহ পাঁচ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এদিকে দলিল জালিয়াতি ও চাঁদাবাজির মামলায় শেরপুর অতিরিক্ত দায়রা জজ মো. মাহমুদুল কবিরের আদালতে মঙ্গলবার দুপুরে মামলার বাদি মো. রবিউল আলম ওরফে চাঁন মিয়া সাক্ষ্য দেন। বুধবার বাকি সাক্ষীদের সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করা হয়েছে।
সাবেক সাংসদ রুবেলসহ মামলার পাঁচ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
চলতি বছরের ২৪ এপ্রিল দায়ের করা এ মামলায় বাদি জেলা শহরের নারায়ণপুর শিববাড়ির বাসিন্দা চাঁন মিয়া অভিযোগ করেন, তার ৩০ শতাংশ জমি জাল দলিল করে আসামিরা যোগসাজশ করে দখল করে নেয় এবং বিষয়টি নিষ্পত্তির কথা বলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৯ ঘ.
bdnews24